ক্যানসার সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে

বাংলাদেশের অনেক মানুষ এখনো ক্যানসারের লক্ষণ সম্পর্কে খুব বেশি কিছু জানেন না। তারা এও জানে না যে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে ক্যানসার ভালো হয়। তাই ক্যানসারের মতো রোগ থেকে দূরে থাকতে দেশের সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
আজ শনিবার ‘ক্যানসার সচেতনতায় সড়কযাত্রা’র প্রথম পর্যায় শেষে সংবাদ সম্মেলনে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক এবং সড়কযাত্রার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ তালুকদার এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনটি আয়োজন করা হয়।
হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘সড়কযাত্রার একপর্যায়ে আমরা পঞ্চগড়ের বোদার একটি প্রত্যন্ত গ্রামে ৭০ জন নারীর সঙ্গে কথা বলি। এঁদের কেউই ক্যানসার রোগটি সম্পর্কে কিছু জানেন না।’
সেন্টার ফর ক্যানসার প্রিভেনশন অ্যান্ড রিসার্চ নামের একটি অলাভজনক বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এই সড়কযাত্রা কর্মসূচির প্রথম পর্যায় শেষ হয়। এই পর্যায়ে ছয়টি বিভাগের ২৫ জেলায় ক্যানসার সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এই উদ্যোগে প্রত্যক্ষভাবে জড়িত ছিল জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। সড়কযাত্রায় অংশ নেওয়া ১১ জন চিকিত্সক ছুটির দিনগুলোতেও বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হয়েছেন। চিকিত্সকেরা নিজেরাই কখনো বাসে, কখনো ট্রেনে, কখনো খোলা পিকআপ থেকে সচেতনতামূলক বার্তা লেখা লিফলেট বিতরণ করেন। এসব অনুষ্ঠানে সহযোগিতা করেন স্থানীয় জেলা প্রশাসন, সিভিল সার্জন ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের স্থানীয় নেতারা।
এ ছাড়া ২৫টি জেলাতেই চিকিত্সকেরা সভা-সেমিনারের মাধ্যমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেন। তাঁরা বলেন, খুসখুসে কাশি বা ভাঙা কণ্ঠস্বর, সহজে সারে না এমন কোনো ক্ষত, স্তনে বা শরীরের কোথাও চাকা বা পিণ্ডের সৃষ্টি, ঢোক গিলতে অসুবিধা হওয়া কিংবা হজমের গণ্ডগোল, অস্বাভাবিক রক্তক্ষরণ, মলমূত্র ত্যাগের অভ্যাসের পরিবর্তন এবং তিল বা আঁঁচিলের কোনো সুস্পষ্ট পরিবর্তন দেখা দিলে দেরি না করে চিকিত্সকের শরণাপন্ন হতে হবে।
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মানদণ্ড অনুসরণ করলে ১৬ কোটি মানুষের দেশে ৩০০টি ক্যানসার হাসপাতাল করতে হবে। বাংলাদেশে আছে ২০টি হাসপাতাল। কী জীবনাচরণ অনুসরণ করলে ক্যানসার হবে না, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।’
আয়োজকেরা বলেন, সড়কযাত্রার জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য তাঁরা খুব একটা পাননি। আয়োজনের মাঝামাঝি পর্যায়ে তাঁদের সঙ্গে স্কয়ার টয়লেট্রিজ ও ইউনাইটেড হাসপাতাল যোগ দেয়। পরবর্তী পর্যায়ে অন্যরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে তাঁরা আশা প্রকাশ করেছেন।
আয়োজকেরা বলেন, এ বছরের ১০ এপ্রিল সড়কযাত্রার প্রথম পর্যায় শুরু হয়, শেষ হয় ২৮ জুন। দ্বিতীয় পর্ব শুরু হবে নভেম্বরে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংসদ কাজী রোজী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, আশিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সালমা চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজের বিপণন ব্যবস্থাপক জেসমিন জামান, সিসিপিআরের প্রধান নির্বাহী মোসাররাত জাহান প্রমুখ।