দেশে ক্যানসার চিকিৎসার জন্য অন্তত ২৩০টি কেন্দ্র বা প্রতিষ্ঠান দরকার। বর্তমানে সরকারি-বেসরকারি মাত্র ১৮টি প্রতিষ্ঠানে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদিকে চিকিৎসা পদার্থবিদের পদ সৃষ্টি করে নিয়োগ হচ্ছে না বলে আধুনিক যন্ত্রের চিকিৎসার সুযোগও পাচ্ছে না রোগীরা।গতকাল শনিবার ‘বাংলাদেশে ক্যানসার চিকিৎসার চ্যালেঞ্জ: উন্নততর রোগ শনাক্তকরণ ও রোগীর সেবা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এ কথা বলেন। ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার রাজধানীতে নিজ কার্যালয়ে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে জার্মানির ক্লোন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রেডিয়েশন ফিজিক্স বিভাগের চেয়ারম্যান গোলাম আবু জাকারিয়া বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাপকাঠি মানলে দেশে এখন ২৩০টি ক্যানসার চিকিৎসাকেন্দ্র বা প্রতিষ্ঠান দরকার। আছে মাত্র ১৮টি। এসব প্রতিষ্ঠানে ক্যানসার চিকিৎসার আধুনিক যন্ত্র আছে। কিন্তু তা চালাতে চিকিৎসা পদার্থবিদের দরকার। সব প্রতিষ্ঠানে এই পদ নেই। এই পদ সৃষ্টির অনুরোধ জানিয়ে অধ্যাপক জাকারিয়া বলেন, দেশে অন্তত ৬০০ চিকিৎসা পদার্থবিদের দরকার। আছে মাত্র ২০-২৫ জন।এ প্রসঙ্গে গণবিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স বিভাগের প্রধান হাসিন আজহারী অনুপমা বলেন, বহু দিন থেকে চিকিৎসা পদার্থবিদের পদ সৃষ্টির কথা বলা হচ্ছে। কিন্তু অজ্ঞাত কারণে এটি হচ্ছে না। বৈঠকে বিশিষ্ট ক্যানসার চিকিৎসক অধ্যাপক এফ করীম বলেন, ক্যানসার প্রাদুর্ভাবের চিত্র শহরে ও গ্রামে ভিন্ন। গ্রামে চিকিৎসার কোনো সুযোগ নেই। অন্যদিকে, শহরে উন্নত সুযোগ থাকলেও অনেকেই চিকিৎসার জন্য বিদেশে যান। তিনি রোগীদের সঙ্গে মানবিক আচরণ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ক্যানসার বিষয়ে গণসচেতনতা বৃদ্ধি, নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ এবং পেশাজীবীদের একত্র করার জন্য এই বৈঠকের আয়োজন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ক্যানসার প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া দরকার। তামাক নিয়ন্ত্রণ করা সম্ভব হলে ক্যানসারের বোঝা অনেক কমবে।ল্যাবএইড হাসপাতালের ক্যানসার পরামর্শক অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন বলেন, ক্যানসার বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক সমস্যাও বটে। রাষ্ট্রীয়ভাবে এই রোগটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই খাতে বরাদ্দও তুলনামূলকভাবে কম। দরিদ্র ও বহুসংখ্যক মানুষকে সেবা দেওয়া যায়, এমন যন্ত্র সরকারের কেনা উচিত।