ক্যানসার হাসপাতালে আবারও পরিচালকের আত্মীয় নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মোল্লা ওবায়েদুল্লাহ বাকী বিধি না মেনে সম্প্রতি তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগের প্রক্রিয়া শেষ করেছেন। এবারও তাঁর বিরুদ্ধে ব্যাপক স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। কাগজপত্রে দেখা যায়, ৫০ শয্যার ক্যানসার হাসপাতালকে ৩০০ শয্যায় উন্নীত করার প্রকল্পের আওতায় ২২টি পদে ৪৫ জনকে নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন দরকার। সেই অনুমোদন জনপ্রশাসন মন্ত্রণালয় দেয়নি। পরিচালক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে অনুমোদনের বিষয়টি চেপে গিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করেন।স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালের অস্থায়ী পদের অনুমোদন দেয় ২০১০ সালের ১ জুন। নিয়ম অনুযায়ী এ পদগুলো অনুমোদনের এক বছরের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার কথা। সেই হিসেবে ২০১১ সালের ৩১ মের মধ্যে বিজ্ঞপ্তি প্রচারের কথা রয়েছে। পরিচালক সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেন এ বছর ১৫ মে। এ ছাড়া পদগুলোর মেয়াদ বৃদ্ধির জন্য পরিচালক মন্ত্রণালয়ে আবেদন জানান এ বছর ১২ ফেব্রুয়ারি। এখনো মেয়াদ বৃদ্ধির বিষয়টি নিষ্পত্তি হয়নি। নিয়োগের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারি কর্মকমিশনের প্রতিনিধি নিয়ে পাঁচজনের বিভাগীয় নির্বাচন কমিটি গঠিত হয়। তবে নিয়োগের কাজ শেষ করেছেন পরিচালক ওবায়েদুল্লাহ বাকী ও উপপরিচালক মো. খোরশেদ আলম। কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘২০১১ সালের ১২ জুলাই একটি বৈঠক হয়। আমি পরিষ্কারভাবে পরিচালককে জানিয়ে দিই যে, নিয়োগের ক্ষেত্রে পুরোপুরি বিধিবিধান মানতে হবে। ওই বৈঠকের পর পরিচালক আমাকে আর কোনো বৈঠকে উপস্থিত হওয়ার জন্য চিঠি দেননি।’ অপর এক সদস্য বলেন, ‘কেউ চ্যালেঞ্জ করলে এই নিয়োগ অবৈধ হয়ে যাওয়ার আশঙ্কা আছে। পরিচালককে বিষয়টি বোঝানোর চেষ্টা করলেও তিনি কোনো কথা কানে নেননি।’ দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানায়, পরিচালকের মেয়াদ শেষ হতে তিন মাস বাকি। তিনি অবসরে যাওয়ার আগেই নিয়োগের কাজ শেষ করতে চাইছেন। পরিচালকের বিরুদ্ধে জেলা কোটা না মেনে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা চলছে। ২০১০ সালের নিয়োগের সময় পরিচালকের ছেলে আবু ওবায়েদ মো. শহীদুল্লাহ হেলথ এডুকেটর পদে এবং পরিচালকের ভাইয়ের ছেলে মোল্লা সাইফুল্লাহ, চাচাতো ভাই মোল্লা মিজানুর রহমান, শ্যালকের স্ত্রী শেহেরি আফরোজা, ভায়রার ভাইয়ের ছেলে রিয়াজউদ্দিন বিভিন্ন পদে চাকরি পান। ওই সময় পরিচালকের নিজের বাড়ি গোপালগঞ্জের পাইকান্দির ডজন খানেক আয়া, ওয়ার্ডবয়, স্ট্রেচার ও ট্রলিবাহক, ডাটা এন্ট্রি অপারেটর, এমএলএসএস পদে নিয়োগ পান। আবদুর রহিম শেখ আগে ওবায়দুল্লাহ বাকীর ব্যক্তিগত গাড়িচালক ছিলেন। তিনি সরকারি গাড়িচালক হয়ে যান। আবদুর রহিমের বোন নাসরীন বেগম এমএলএসএস পদে কাজ পান। খোঁজ নিয়ে জানা গেছে, নাসরীন এ দফায় ফটোগ্রাফার পদে আর রিয়াজউদ্দীনের স্ত্রী রেকর্ডকিপার পদে লিখিত পরীক্ষায় পাস করেছেন। নিয়োগে অনিয়মের বিষয়ে বার বার চেষ্টা করেও মোল্লা ওবায়েদুল্লাহ বাকীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।