ক্যানসার হাসপাতালের পরিচালকই থাকছেন প্যাথলজির চিকিত্সক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যাথলজি চিকিত্সক শামিউল ইসলামকে জাতীয় ক্যানসার ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক পদে বদলির প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন অবকাশকালীন চেম্বার বিচারপতি।

এর ফলে বদলির আদেশ বহাল থাকছে বলে জানিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যানসার ইনস্টিটিউটের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ঈদের ছুটির আগে প্রতিষ্ঠানের পরিচালক ও রেডিয়েশন অনকোলজির অধ্যাপক শেখ গোলাম মোস্তফাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে। তাঁর স্থলে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম সাদীকে নিয়োগ দেওয়া হয়। সাদী ছাত্রজীবনে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ছাত্রলীগের সভাপতি ছিলেন। শামিউল সরকারি দলের সমর্থক চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) সক্রিয় সদস্য।

৫ আগস্ট হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় থেকে ওই দুই চিকিত্সকের বদলি ও পদায়ন বিষয়ে জারি করা ওই প্রজ্ঞাপনের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। এতে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. ইমান আলী আজ মঙ্গলবার এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের কার্যকারিতা আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

৩ আগস্ট ‘ক্যানসার ইনস্টিটিউটের পরিচালকের পদে প্যাথলজির অধ্যাপক’ শিরোনামে প্রথম আলোতে প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে গোলাম মোস্তফা হাইকোর্টের রিট আবেদন করলে আদালত প্রজ্ঞাপনের আদেশটি স্থগিত করেছিলেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী বি এম ইলিয়াস। তাঁকে সহায়তা করেন জায়েদী হাসান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

রুলে ওই প্রজ্ঞাপনটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, মন্ত্রণালয়ের পার (১) অধিশাখার উপসচিব ও শামিউল ইসলামকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।