ক্যানসারে আক্রান্ত ১০ শতাংশ শিশু চিকিৎসাসেবা পায়
দেশে প্রতিবছর প্রায় সাত থেকে নয় হাজার শিশু ক্যানসারে আক্রান্ত হচ্ছে। আক্রান্ত শিশুদের মাত্র ১০ শতাংশ চিকিৎসাসেবা পায়। ব্যয়বহুল হওয়ার কারণেই এই ১০ শতাংশ শিশুর অর্ধেকই পুরো চিকিৎসা শেষ করতে পারে না। অথচ দ্রুত শনাক্ত করলে শিশুকে ক্যানসার থেকে রক্ষা করা সম্ভব।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে শিশুদের মধ্যে ক্যানসারের বিস্তার চিহ্নিতকরণ এবং করণীয় সম্পর্কে অগ্রাধিকার নির্ণয়’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। আহ্ছানিয়া মিশন ক্যানসার হাসপাতাল, ফাউন্ডেশন ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ঢাকা এবং ব্রিটিশ কলম্বিয়া ক্যানসার এজেন্সি কানাডার সম্মিলিত উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, ‘আমরা দেখতে চাই, একটি শিশুও যেন বিনা চিকিৎসায় মারা না যায়। শিশুদের ক্যানসারের ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে হবে। বিশেষজ্ঞ, গণমাধ্যম, সরকারসহ সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।’