ক্যানসারের ওষুধে 'নাটকীয়' সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের চিকিৎসকেরা দুটি ওষুধের মিশ্রণ ব্যবহার করে দেখেছেন, কয়েক ধরনের স্তন ক্যানসার নাটকীয়ভাবে কমে গেছে বা একেবারে নিরাময় হয়েছে। ১১ দিন ওষুধ ব্যবহারের পর তাঁরা এই ফল পেয়েছেন।
চিকিৎসকেরা তাঁদের এই ফলাফল ইউরোপীয় ব্রেস্ট ক্যানসার কনফারেন্সে উপস্থাপন করে বলেছেন, এই ফলাফলের সম্ভাব্য অর্থ হচ্ছে এই যে স্তন ক্যানসারে আক্রান্ত কিছু মহিলার আর হয়তো কেমোথেরাপির দরকার হবে না।
স্তন ক্যানসারে আক্রান্ত প্রতি ১০ জন নারীর ১ জনের বিশেষ দুর্বলতা আছে এমন ২৫৭ জন নারীর ওপর এই ওষুধের মিশ্রণ ব্যবহার করা হয়েছিল। যেসব চিকিৎসক এই পরীক্ষা শুরু করেছিলেন, তাঁরা ভাবেননি যে এ রকম ফল পাওয়া যাবে।
টিউমার শনাক্ত হওয়া ও অস্ত্রোপচারের মাঝের সময়ে ওষুধ ব্যবহারের কারণে ক্যানসারে কী পরিবর্তন হয়, তা চিকিৎসকদের অনুসন্ধানের বিষয় ছিল। কিন্তু সার্জনরা অস্ত্রোপচার করতে এসে দেখেন, কিছু রোগীর শরীরে ক্যানসারের অস্তিত্ব নেই। লন্ডনের ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চের অধ্যাপক জুডিথ ব্লিস বলেন, প্রভাব ‘নাটকীয়’।