ক্যানসারের ভয়ে গ্রামছাড়া!
আর্সেনিক বিষক্রিয়ায় ক্যান্সার আক্রান্ত হয়ে যশোরের চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামের একই পরিবারের ছয়জন মারা গেছেন। বিভিন্ন সময় এসব করুণ মৃত্যুতে ভয়ে গ্রাম ছেড়েছে ছয়টি পরিবার। শুধু মাড়ুয়াই নয়, চৌগাছার কয়ারপাড়া, শার্শা উপজেলার সামটা ও ট্যাংরা গ্রামের আরও ২০টি পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। গত পাঁচ বছরে শার্শা ও চৌগাছার অর্ধশতাধিক মানুষ আর্সেনিক বিষক্রিয়ায় ক্যানসারে মারা গেছেন।বেসরকারি সংস্থা এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক যশোরের স্বাস্থ্য কর্মকর্তা সাবিহা সুলতানা জানান, চৌগাছা উপজেলায় সাড়ে নয় শ ও শার্শা উপজেলায় অন্তত সাড়ে পাঁচ শ মানুষ বর্তমানে আর্সেনিকোসিস রোগে আক্রান্ত। এর মধ্যে চৌগাছার ৬০-৭০ জন এবং শার্শার শতাধিক মানুষ আক্রান্তের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তারা দিন দিন মৃত্যুর দিকে এগোচ্ছে। এ দুই উপজেলার কয়েকটি গ্রামের শতকরা ৬০ ভাগ মানুষ আর্সেনিকে আক্রান্ত।গত ২২ মার্চ চৌগাছা উপজেলার মাড়ুয়া গ্রামে সরেজমিনে জানা যায়, এ গ্রামের শিক্ষক আলতাফ হোসেনের চার ভাই, বাবা-মা গত কয়েক বছরে আর্সেনিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ক্যানসার হয়ে মারা গেছেন। আলতাফ হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেল, চারদিকে সুনসান নীরবতা। বাড়িতে কেউ নেই। দরজায় তালা ঝুলছে। মনে হয় কতকাল সেখানে কেউ থাকে না। একই অবস্থা অপর দুই ভাই আবদুল আজিজ ও ইউসুফ আলীর বাড়িতেও। বেঁচে আছেন একমাত্র ভাই মিজানুর রহমান। তিনিও আর্সেনিকোসিসে আক্রান্ত। তাঁর শরীরেও ক্যানসারের প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন। তিনি স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে এ গ্রামেই থাকেন। মিজানুর রহমান (৫০) বলেন, ‘বছর আটেক আগে ইন্টামিডিয়েট পরীক্ষার ১৫ দিন আগে ছোট ভাই আনিছুর রহমান মারা যায়। দেড় বছর পরে আব্বা (ইয়াকুব আলী), তার দুই বছর পর বড় ভাই (আলতাফ হোসেন), এর কিছুদিন পর মেজো ভাই (ইউসুফ আলী), মা (নূরজাহান), সব শেষে মারা গেল সেজো ভাই আবদুল আজিজ। ভাইদের মৃত্যুর পর ভাবীরা মুষড়ে পড়েন। তাঁরা ভয়ে ছেলেমেয়ে নিয়ে গ্রাম ছেড়ে চলে যান। যাওয়ার জায়গা থাকলে আমিও চলে যেতাম। সব সময় ক্যানসারের ভয় আমাদের তাড়া করে বেড়ায়।’ গ্রাম ছেড়ে চলে যাওয়া আবদুল আজিজের স্ত্রী ফিরোজা বেগম মোবাইল ফোনে বলেন, ‘চোখের সামনে স্বামীসহ ছয়জনকে ক্যানসারে মরতে দেখলাম। ওখানে থাকলে আমরাও বাঁচতাম না। তাই চৌগাছা বাজারে এসে ঘর ভাড়া করে থাকছি।’এশিয়া আর্সেনিক নেটওয়ার্কের স্থানীয় মাঠকর্মী আনোয়ার হোসেন বলেন, ‘মাড়ুয়া গ্রামের আফজাল হোসেন, আবদুল মাজেদ, ইদ্রিস আলী ও পার্শ্ববর্তী কয়ারপাড়া গ্রামের নার্গিস আক্তারসহ অনেকে ক্যানসারে মরার ভয়ে গ্রাম ছেড়ে চলে গেছেন। যারা গ্রাম ছেড়েছে তারা সবাই আর্সেনিকোসিসে আক্রান্ত।’এশিয়া আর্সেনিক নেটওয়ার্ক যশোরের স্বাস্থ্য কর্মকর্তা সাবিহা সুলতানা আরও জানান, পানিতে আর্সেনিকের সহনীয় মাত্রা ৫০ পিপিবি (পার্ট পার বিলিয়ন)। কিন্তু চৌগাছা ও শার্শায় পানিতে ১০০ পিপিবি আর্সেনিক পাওয়া গেছে। গোটা জেলায় তিন হাজার মানুষ আর্সেনিকোসিসে আক্রান্ত বলে জানান তিনি।যশোরের সিভিল সার্জন সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আর্সেনিকোসিসে আক্রান্ত রোগী শনাক্তকরণ ও তাদের চিকিৎসার জন্য সরকার কাজ করে যাচ্ছে। চৌগাছা ও শার্শায় বিভিন্ন বেসরকারি সংস্থাও নিরাপদ পানি ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে।