ক্যান্টনমেন্ট বোর্ড থেকে ছয় মহল্লার অবমুক্তকরণ দাবিতে গাজীপুরে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরতলির ছয়টি মহল্লাকে ক্যান্টনমেন্ট বোর্ড থেকে অবমুক্তকরণ এবং প্রস্তাবিত সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গতকাল রোববার এ প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার নারী ও পুরুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি-দাওয়াসংবলিত স্মারকলিপি দেওয়া হয়।‘গাজীপুর ক্যান্টবোর্ড মুক্তকরণ সর্বদলীয় সংগ্রাম কমিটি’ এ কর্মসূচির আয়োজন করে। মহল্লা ছয়টি হচ্ছে: ফাওকাল, চাপুলিয়া, ভানুয়া, চতর, হাতিয়াব ও গাজীপুর।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল রোববার সকাল ১০টার দিকে ওই ছয় মহল্লার নারী ও পুরুষেরা প্রথমে খণ্ড মিছিল নিয়ে শিমুলতলী এলাকায় জড়ো হয়। সেখান থেকে তাঁরা মিছিলসহকারে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পৌঁছার আগে পথিমধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সাংসদ আ ক ম মোজাম্মেল হক আন্দোলনে সংহতি জানিয়ে বক্তব্য দেন।পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় সংগ্রাম কমিটির আহ্বায়ক সফর উদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল, সংগ্রাম কমিটির সদস্যসচিব সুলতান উদ্দিন, ওয়াজউদ্দিন মিয়া, এমদাদ খান, সোলায়মান, রইসউদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, স্থানীয় অধিবাসীদের অধিকাংশ জমি অধিগ্রহণ করে সমরাস্ত্র কারখানা, মেশিন টুলস কারখানা, ডিজেল প্লান্ট ও টাঁকশাল নির্মিত হয়েছে। ঘনবসতিপূর্ণ এ এলাকায় লক্ষাধিক লোকের বসবাস। সেখানে কোনো ক্যান্টনমেন্ট বা সেনা ছাউনি নেই। তবু এ এলাকাকে ক্যান্টনমেন্ট বোর্ডের অধীন করার ষড়যন্ত্র চলছে।