সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট থেকে শুরু করে আশুলিয়া থানার নবীনগর এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন শ্রমিক ও স্থানীয় লোকজন প্রতি রাতেই ডাকাতির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নবীনগরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে গত সোমবার রাতেও পণ্যবাহী ট্রাকসহ বেশ কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে।ডাকাতির শিকার ট্রাকচালক মাসুদ খান জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাভারের নামাবাজার থেকে মাছ ব্যবসায়ীদের নিয়ে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশে তিনি বাইপাইল থেকে রওনা দেন। ক্যান্টনমেন্ট স্কুলের সামনে পৌঁছালে ডাকাতেরা একটি ব্যক্তিগত গাড়ি দিয়ে ট্রাকের গতিরোধ করে। এরপর পুলিশ পরিচয়ে তাঁকে ট্রাক থেকে নামিয়ে আনে।ট্রাকচালক আরও জানান, ডাকাতেরা ওয়াকিটকি ও হাতকড়া নিয়ে ব্যক্তিগত গাড়ি থেকে নামিয়ে তাঁকে মাদক ব্যবসায়ী বলে গ্রেপ্তারের ভয় দেখায়। তারপর তাঁর (চালকের) সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ও একটি মুঠোফোন সেট ও গাড়ির চাবি নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতেরা।এদিকে ব্যক্তিগত গাড়ির চালক সাভারের কাতলাপুরের জামির হোসেন জানান, ধামরাই থেকে সাভার ফেরার পথে সোমবার রাত ১০টার দিকে ক্যান্টনমেন্ট স্কুলের সামনে পৌঁছালে সাদা পোশাকের কয়েক ব্যক্তির সঙ্গে তিনি একটি ট্রাক ও একটি মাইক্রোবাসের চালকদের বাগিবতণ্ডা হতে দেখেন। এ সময় সাদা পোশাকধারীরা তাঁকেও গাড়ি থামানোর সংকেত দেয়। কিন্তু তিনি না থেমে চলে আসেন। পরে জানতে পারেন, ওই সাদা পোশাকধারীরা আসলে ডাকাত ছিল। বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নিরাপত্তাকর্মীসহ স্থানীয় লোকজন জানান, প্রতি রাতেই বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক ও ডেইরি গেট, বিশমাইলসহ আশপাশের এলাকায় মহাসড়কে পুলিশের ছদ্মবেশে বিভিন্ন যানবাহনের যাত্রী ও পথচারীদের কাছ থেকে নগদ অর্থ, মালামাল ও মুঠোফোন সেট লুট করছে ডাকাতেরা। রাত নয়টা থেকে ১২টা এবং ভোর পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত ডাকাতেরা এসব এলাকায় তৎপর থাকে। সাভারের বাসিন্দা ইনডিপেন্ডেন্ট পত্রিকার নিজস্ব প্রতিবেদক হাবিবুল্লাহ মিজান জানান, সম্প্রতি তিনি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের অদূরে রাত নয়টার দিকে মহাসড়কে ওত পেতে থাকা ডাকাতদের কবলে পড়েন। তারা তাঁর গতিরোধ করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম মহাসড়কের ওই এলাকায় ডাকাতি বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মঙ্গলবার থেকে মহাসড়কের নবীনগর থেকে বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত পুলিশি টহল জোরদার করা হয়েছে। সাদা পোশাকে দুটি দল ওই এলাকায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।