ক্যাপ্টেন ইসরাতের ঠিকানা পাচ্ছে না বিমান

বাংলাদেশ বিমানের সাবেক ক্যাপ্টেন ইসরাত আহমেদের ঠিকানা খুঁজে পাচ্ছে না বিমান। ‘অনেক চেষ্টা’ করেও কানাডায় বসবাসরত সাবেক এই কর্মকর্তার ঠিকানা পায়নি বাংলাদেশ বিমান। মিসর থেকে দুটি বোয়িং (৭৭৭-২০০) উড়োজাহাজ ভাড়ায় এনে সাত বছরে ১ হাজার ১৬১ কোটি টাকা লোকসান গুনেছে বিমান। ওই দুটি উড়োজাহাজ লিজ আনার সঙ্গে যুক্ত ছিলেন বিমানের সাবেক এই কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ওই বিমান ভাড়ায় আনা নিয়ে অনিয়মের অভিযোগ তদন্ত করছে। গত সেপ্টেম্বরে কমিটি ওই দুটি উড়োজাহজ ভাড়ায় আনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের তলব করার সিদ্ধান্ত নেয়। কিন্তু গত অক্টোবরে অনুষ্ঠিত কমিটির বৈঠকে কয়েকজন কর্মকর্তা উপস্থিত হলেও ইসরাত হাজির হননি। তখন বিমান জানায়, ওই কর্মকর্তা কানাডায় বসবাস করছেন। কমিটি ওই কর্মকর্তার কানাডার ঠিকানা সংগ্রহ করতে বলেছিল।

বুধবার সংসদীয় কমিটির বৈঠকে বিমান লিখিতভাবে বলেছে, ‘অনেক চেষ্টা করেও কানাডায় বসবাসরত ক্যাপ্টেন ইশরাত আহমেদের কানাডায় অবস্থানের ঠিকানা পাওয়া যায়নি।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৪ সালের ১১ মার্চ ইজিপ্ট এয়ার থেকে দুটি উড়োজাহাজ ভাড়া নেওয়ার চুক্তি হয়। পাঁচ বছরের চুক্তিতে উড়োজাহাজ দুটি ভাড়া নিয়েছিল বিমান। এর মধ্যে ২০১৪ সালের মার্চে একটি ও মে মাসে আরেকটি উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয়। ইজিপ্ট এয়ারের সঙ্গে চুক্তি ছিল, যাত্রী পরিবহন করুক আর না করুক, মাসে উড়োজাহাজপ্রতি ৫ লাখ ৮৫ হাজার ডলার (৪ কোটি ৭০ লাখ টাকা) ভাড়া দিতে হবে।

সব ধরনের রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হবে। ভাড়ার মেয়াদ শেষে উড়োজাহাজ দুটি আগের অবস্থায় ফেরত দিতে হবে। কিন্তু এক বছরের মাথায় ২০১৫ সালে একটি উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন ইজিপ্ট এয়ার থেকে প্রতি মাসে ১০ হাজার ডলারে ইঞ্জিন ভাড়ায় এনে উড়োজাহাজটি সচল করা হয়। নষ্ট ইঞ্জিনটি মেরামতের জন্য পাঠানো হয় বিদেশে। সেটা মেরামত করে আনার আগেই আরেকটি ইঞ্জিন বিকল হয়। আবার মাসে ১০ হাজার ডলার ভাড়ায় আনা হয় আরেকটি ইঞ্জিন। এই দুটি উড়োজাহাজ এনে বিমান ১ হাজার ১৬১ কোটি টাকা লোকসান দিয়েছে।

কক্সবাজার বিমানবন্দরে কাঁটাতারের বেড়া দেওয়ার সুপারিশ

সংসদীয় কমিটির বৈঠক শেষে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিটি কক্সবাজার বিমানবন্দরের চারদিকে কাঁটাতারের বেড়া দিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করার সুপারিশ করেছে। গত মঙ্গলবার কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের ধাক্কায় দুটি গরুর মৃত্যু হয়। ডেলটা পোস্টের সামনে বিমান উড্ডয়নের সময় এ ঘটনা ঘটে।

সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও আশেক উল্লাহ রফিক আহমদ অংশ নেন।