ক্যাপ্টেন নওশাদের মতো দক্ষ পাইলট প্রতিষ্ঠানের সম্পদ: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অসুস্থ পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের সুস্থতার জন্য উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।
আজ শনিবার বাংলাদেশ পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউমের মতো দক্ষ পাইলট একটি প্রতিষ্ঠানের সম্পদ। তিনি কর্মজীবনের বিভিন্ন সময়ে তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। গত ২৭ আগস্ট ওমানের মাসকট থেকে ফ্লাইট পরিচালনা করে ঢাকায় ফেরার পথে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় আমরা সবাই উদ্বিগ্ন।’ তিনি বলেন, ক্যাপ্টেন নওশাদের চিকিৎসার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সার্বক্ষণিক তদারকি করছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলকে প্রার্থনা করার অনুরোধ করেন প্রতিমন্ত্রী।
গত ২৭ আগস্ট মাসকট-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটে ১২৪ জন যাত্রী নিয়ে আসার পথে পাইলট ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম শারীরিক অসুস্থতার কারণে নাগপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। পরবর্তীতে বিমানের পাইলটকে নাগপুরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে পাইলট সেখানে চিকিৎসাধীন রয়েছেন।