ক্যাপ্টেনের জন্য প্রতীক্ষা
বাবার কথা মনে হলেই চোখ ঝাপসা হয়ে আসে প্রমিতের (১৫)। আর রণিকা (২১) কারও সঙ্গে কথাই বলছেন না। বারবার শুধু বাবাকেই মনে পড়ছে। বাবা আসবেন। আন্দামান সাগরে নিখোঁজ এমভি হোপ জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারের জন্য আজও প্রতীক্ষা করছে প্রমিত ও রণিকা। প্রতীক্ষার প্রহর কাটে না স্ত্রী শর্বরী কর্মকারেরও। গত ৪ জুলাই থাইল্যান্ডের ফুকেটের উপকূলে আন্দামান সাগরে এমভি হোপের দুর্ঘটনার কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন তাঁরা। এ জাহাজের হাল ধরেছিলেন ক্যাপ্টেন রাজীব। মালয়েশিয়া থেকে ফিরছিলেন চট্টগ্রাম বন্দরে। অনেক দিন পর বাড়ি ফেরার উল্লাস ছিল যে যাত্রায়, আন্দামান সাগরের উত্তাল ঝড়ে সে যাত্রা থেমে যায়। সেই থেকে শুধু অপেক্ষা ক্যাপ্টেনের জন্য। সেই ঝড়ের মুখ থেকে একে একে বাড়ি ফিরে এসেছেন নয়জন নাবিক। দুজনের অন্তত মৃতদেহ পাওয়া গেছে। ক্যাপ্টেনসহ ছয়জনের খোঁজ মেলেনি শুধু। দুর্ঘটনার পর সময় যতই গড়িয়েছে, ততই শর্বরীর আশার আলো সাগরে ভেসে গেছে। নিজে ভেঙে পড়লে সন্তানদের কী হবে? এমন চিন্তায় ভেতরে ভেতরে দুমড়ে-মুচড়ে গেলেও বুঝতে দেননি সন্তানদের। ক্যাপ্টেনের ফিরে আসার গল্প শুনিয়েছেন তাদের। মায়ের সান্ত্বনায় মন ভরে না সন্তানের। বাবার ফেরার দুশ্চিন্তায় একবার রক্তচাপ কমে যায় রণিকার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ের এমন অবস্থা দেখে দিশেহারা মা। প্রমিতের কী হবে? একবার পুরান ঢাকার গেন্ডারিয়ায় বাবার বাসায়, আরেকবার টিকাটুলীতে ভাইয়ের বাসায় ছুটে যান। মন খারাপ দেখে প্রমিতকে নিয়ে আসেন চট্টগ্রামে। প্রমিতও ভুলতে পারে না বাবার কথা।চট্টগ্রামের উইলিয়াম কেরি একাডেমিতে দশম গ্রেডে পড়ুয়া প্রমিতও বলে, ‘বাবা যখন আসত, তখন আমার সঙ্গে ভিডিও গেমস খেলত। এখন বন্ধুরা বাবার কথা জিজ্ঞেস করলেই মন খারাপ হয়ে যায়।’ গত মঙ্গলবার নিজ বাসায় যখন শর্বরী কথা বলছিলেন, তখন চোখ ঝাপসা হয়ে আসছিল তাঁর। ঘণ্টা খানেক কথার ফাঁকে ফাঁকে বারবার উঠে গেছেন। স্বাভাবিক হয়ে আবার বলতে শুরু করেন যন্ত্রণার কথা। কষ্টের কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী হলেও বাবার ব্যবসাসূত্রে নাবিকের সঙ্গেই জীবনের গাঁটছড়া বেঁধেছিলেন। সাংবাদিকতা আর টানেনি তাঁকে। ভালো লেগেছিল বরং স্বামীর সমুদ্রবিলাস। এই বয়সেও স্বামীর পেশায়-নেশায় বাদ সাধেননি। নিজেও সঙ্গী হয়েছিলেন একাধিক যাত্রার। উদ্ধার হওয়া সহকর্মী মোবারক হোসেনও বলেছেন, ‘সাগরে ভেসে থাকার সময় এমভি বাক্সলেগুন জাহাজের নাবিকেরা ঠিকমতো উদ্ধার করতে পারছিলেন না। তখন মনে মনে বলেছি, একবার উদ্ধার হই, তারপর স্যারকে (ক্যাপ্টেন) অভিযোগ করব। স্যার ঠিকই ব্যবস্থা নেবেন।’ কিন্তু স্যার যে নেই সেটি তখনো জানতেন না মোবারক। যখন নাসিরাবাদের বাসায় আমাদের এসব কথা বলছিলেন তখন বাইরে অঝোর বৃষ্টি। তবু শর্বরী কর্মকারের মনে দুদণ্ড শান্তি নেই। চেপে থাকা হাহাকার যেন গড়িয়ে পড়ছে চোখে-মুখে। আর প্রমিত শুধু বলছে, ‘বাবা তো আগেও অনেক দিন পরপর আসত। দেখো, ঠিকই ফিরে আসবে।’