ক্যাপ্টেনের পরিবার এখনো অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন, দুই দিন, তিন দিন। অপেক্ষার দিনগুলো বাড়তেই থাকে। গতকাল মঙ্গলবার ১৩ দিন অতিবাহিত হয়েছে তাঁর স্বামীর ফেরার অপেক্ষার। কিন্তু এলেন না ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার।উদ্বেগভরা কণ্ঠে শর্বরী কর্মকার বলতে থাকেন, ‘প্রথম প্রথম মনে খুব আশা ছিল। মনে হয়েছিল সে ঠিকই ফিরে আসবে আমাদের কাছে। এখন... ’। এরপর আর কোনো কথা মুখে আসে না। চোখের জলে দৃষ্টি ঝাপসা হয়ে যায় তাঁর।আন্দামান সাগরে গত ৪ জুলাই এমভি হোপ দুর্ঘটনার পর ক্যাপ্টেনের খোঁজ না পেয়ে পরিবারে এখন শোকের ছায়া। ছেলে অর্ণব কর্মকার বাবার খোঁজে বাকরুদ্ধ। বাবার কথা ভাবতে ভাবতে মেয়ে কণিকা কর্মকার পাগলপ্রায়।শর্বরী কর্মকারের সঙ্গে ক্যাপ্টেনের সর্বশেষ কথা হয় ২ জুলাই। মালয়েশিয়া থেকে যাত্রা শুরুর আগে ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার মুঠোফোনে তাকে জানান, এক সপ্তাহ পরই দেশে ফিরবেন। বাংলাদেশে আসার পর এমভি হোপ মেরামত হবে। এ কারণে অনেক দিন দেশে থাকা হবে। শর্বরী কর্মকার তখন স্কয়ার হাসপাতালে মা জয়ন্তী রায়ের শয্যাপাশে। তাড়াহুড়া না করে মায়ের চিকিৎসা শেষে চট্টগ্রামে ফেরার কথাও শর্বরীকে জানিয়েছেন ক্যাপ্টেন। কিন্তু গত ৪ জুলাই জাহাজ মালিকের প্রতিনিধি ক্যাপ্টেন মোহাম্মদ আলীর একটি ফোনে সব ওলটপালট হয়ে যায়।শর্বরী কর্মকার কয়েকবার স্বামীর সঙ্গে জাহাজে সাগর পাড়ি দিয়েছিলেন। খুব কাছ থেকে দেখেছেন বিপদে পরিস্থিতি সামলে নেওয়ার অসাধারণ ক্ষমতা আছে রাজীবের। এ কারণে দুর্ঘটনার পরও স্বামীর ওপর আস্থা ছিল তাঁর।উদ্ধার হওয়া নাবিক সাইফুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, ‘গভীর রাতে দুর্ঘটনার শেষ মুহূর্তে সবাইকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করে গেছেন ক্যাপ্টেন স্যার। জাহাজ থেকে ঝাঁপ দিয়ে স্যার লাইফ র‌্যাফটও ধরতে পেরেছিলেন। কিন্তু উত্তাল ঢেউয়ে সেটিও উল্টে গেলে তিনি দূরে ছিটকে পড়েন। অথই ঢেউয়ে কোথায় হারিয়ে যান স্যার।’ জাহাজমালিকের স্বার্থরক্ষাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদেরও এমভি হোপ জাহাজের ক্যাপ্টেনসহ ছয়জনের খোঁজ না পাওয়ার কথা জানালেন। নয়জনকে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধারের পর নতুন কোনো তথ্য নেই। গতকাল মঙ্গলবার প্রথম আলোকে তিনি বলেন, ‘থাইল্যান্ডে আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ রাখছি। তবে উদ্ধারের নতুন কোনো খবর নেই।’