মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর পরিবারের মালিকানাধীন ট্যাংকারের (ভোজ্যতেল পরিবহনকারী জাহাজ) ক্যাপ্টেন ও চিফ ইঞ্জিনিয়ার ৩ মাস এবং ক্রুদের ১৪ মাস ধরে বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। গত বৃহস্পতিবার থেকে জাহাজে খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে এর শিপিং এজেন্ট। এ বিষয়ে ব্যবস্থা নিতে ক্যাপ্টেন মো. জুয়েল রহমান নৌ বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তাকে চিঠি দিয়েছেন।
জাহাজটির নাম ‘এমটি ফজলে রাব্বী’। এটি পানামার পতাকাবাহী (নিবন্ধন হয়েছে পানামায়)। মীর কাসেমের ছেলে মাহমুদ বিন কাসেম এটি পরিচালনা করেন। এখন চট্টগ্রাম ড্রাই ডকের ১ নম্বর জেটিতে রয়েছে জাহাজটি। এতে ক্যাপ্টেনসহ ১৮ জন সদস্য অবস্থান করছেন।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ৩ সেপ্টেম্বর মীর কাসেম আলীর ফাঁসি কার্যকর হয়।
জাহাজের ক্রুরা জানান, গত ২১ জুন ইন্দোনেশিয়ার বেলোয়ান বন্দর থেকে ভোজ্যতেল নিয়ে ২৭ জুন তাঁরা ভারতের চেন্নাই বন্দরে পৌঁছান। সেখানে কিছু তেল খালাস শেষে গত ৭ জুলাই কলকাতা বন্দরের বহির্নোঙরে পৌঁছান। বাকি তেল খালাস শেষে ১৫ জুলাই চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসেন তাঁরা। গত ২৮ জুলাই মেরামতের জন্য জাহাজটি চট্টগ্রাম ড্রাই ডকে আনা হয়।
মো. জুয়েল রহমান প্রথম আলোকে বলেন, গত ১ জুন জাহাজটিতে ক্যাপ্টেন হিসেবে তিনি যোগ দেন। তিনি বলেন, এ পর্যন্ত তাঁকে মাত্র পাঁচ দিনের বেতন দেওয়া হয়েছে। ক্রুরা ১৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। ক্যাপ্টেন ও ক্রুদের বেতন বাবদ বকেয়া রয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। তিনি বলেন, ‘আমাদের শিপিং এজেন্ট ই ডি ট্যাংকারস লিমিটেড সর্বশেষ গত ৭ সেপ্টেম্বর ১৫ দিনের খাবার সরবরাহ করে।’
জাহাজের প্রধান প্রকৌশলী মোহাম্মদ ইসহাক বলেন, ‘আমার তিন মাসের বেতন বকেয়া রয়েছে। আমরা কর্তৃপক্ষের কাছে সুবিচার চাই।’
জাহাজের স্থানীয় এজেন্ট ই ডি ট্যাংকারস লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফয়সল বলেন, ‘মালিক টাকা না দিলে জাহাজের ক্রুদের খাবার কোত্থেকে সরবরাহ করব? এমনিতে ড্রাই ডকে মেরামত বাবদ মোটা অঙ্কের টাকা বাকি রয়ে গেছে।’
জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ইডেন লাইনস লিমিটেডের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, মালিক মাহমুদ বিন কাসেম দেশের বাইরে থাকায় ক্যাপ্টেন ও ক্রুদের বেতন-ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না। তিনি (কাসেম) কোন দেশে আছেন, তা জানেন না বলে দাবি করেন তিনি।