ক্যাফেটেরিয়া চালাতে কেউ আগ্রহী নয়
খুব শিগগির চালু হচ্ছে না রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। এর দায়িত্ব নিতে কেউ আগ্রহী না থাকায় এটি চালু করা সম্ভব হচ্ছে না।
প্রশাসন সূত্রে জানা যায়, ছয় মাস ধরে বন্ধ হয়ে আছে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। এর মধ্যে ক্যাফেটেরিয়া চালানোর জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এতে মাত্র একজন ক্যাফেটেরিয়া চালানোর জন্য আগ্রহ দেখালেও পরবর্তী সময়ে তিনি আর যোগাযোগ করেননি। ফলে ক্যাফেটেরিয়াটি খুব শিগগির চালু হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে, ফেরতযোগ্য এক লাখ টাকা জামানত দিয়ে ক্যাফেটেরিয়াটির দায়িত্ব নিতে পারবে যে কেউ। ভাড়া খুবই সামান্য। গ্যাস ও বিদ্যুৎ বিল প্রার্থীকে নিজে বহন করতে হবে। এর আগে ২০১৩ সালে প্রথমবার বন্ধ হয়ে যায় ক্যাফেটেরিয়াটি। এরপর এটি চালু করা হলেও গত বছর আবার এটি বন্ধ হয়ে গেছে। আগে যাঁরা ক্যাফেটেরিয়া চালিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছু শিক্ষার্থী বাকিতে ক্যাফেটেরিয়ায় খাওয়াদাওয়া করতেন। কিন্তু কখনোই তা শোধ করতেন না। উপরন্তু টাকা চাইতে গেলে তাঁরা নানা রকম হুমকি দিতেন। ফলে শেষ পর্যন্ত ক্যাফেটেরিয়া লাভজনক হতে পারেনি। এ কারণেই কেউ এই ক্যাফেটেরিয়া চালানোর দায়িত্ব নিতে আগ্রহী হচ্ছেন না।