ক্যাব সভাপতি কাজী ফারুকের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ভোক্তা আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, কনজু্৵মারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাংবাদিক কাজী ফারুক আর নেই। গতকাল মঙ্গলবার মিরপুরে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।

মৃত্যুর আগে কাজী ফারুক হৃদ্‌রোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও জটিল চক্ষুরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতনি ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল বেলা তিনটায় ঢাকার পল্লবীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নিয়ে স্বজনেরা গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। সাতক্ষীরার তালা উপজেলায় নিজ গ্রামের বাড়িতে গতকাল মঙ্গলবার রাতেই তাঁর মরদেহ দাফন করা হতে পারে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

যেসব অধিকার সচেতন সক্রিয় ব্যক্তির মাধ্যমে দেশে ভোক্তা আন্দোলন বিকশিত হয়েছে, প্রয়াত কাজী ফারুক তাঁদের অন্যতম। ২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্যাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

কনজু৵মারস ফোরাম (সিএফ) এক শোক বিবৃতিতে বলেছে, কাজী ফারুকের হঠাৎ​ চলে যাওয়া নিছক একজন কৃতী সংগঠকের প্রয়াণ নয়, এটা ভোক্তা অধিকার আন্দোলনের অপূরণীয় ক্ষতি।