ক্যাবল টিভি মালিকের বিরুদ্ধে দুদকের মামলা
নিউ স্টার ক্যাবল টিভি নেটওয়ার্কের মালিক শাহজাহান আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের উপপরিচালক জালালউদ্দিন আহম্মেদ রমনা থানায় মামলাটি করেন। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, মামলায় শাহজাহান আহমেদের বিরুদ্ধে ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৬০৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ মেলায় তাঁর সম্পদ বিবরণী চায় দুদক। শাহজাহান আহমেদ স্থাবর-অস্থাবর মিলিয়ে ৩ কোটি ৮২ লাখ ৪৩ হাজার ৫৬৪ টাকার সম্পদের বিবরণ দুদকে জমা দেন। পরে তা যাচাই করে ১ কোটি ৫২ লাখ ৬১ হাজার ৬০৬ টাকার বৈধ কোনো উৎস পাওয়া যায়নি। এ ছাড়া তিনি ১১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেন। অনুসন্ধান কর্মকর্তার সুপারিশের প্রেক্ষিতে কমিশন শাহজাহান আহমেদের বিরুদ্ধে মামলা অনুমোদন করে।।
তিতাস ব্যবস্থাপকের অনুসন্ধানে কর্মকর্তা পরিবর্তন: তিতাস গ্যাস লিমিটেডের ব্যবস্থাপক মো. মাকসুদুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। উপসহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজীর পরিবর্তে সহকারী পরিচালক শেখ আব্দুছ সালামকে দায়িত্ব দেওয়া হয়েছে। ২০১৪ সালে মাকসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।