ক্যামব্রিয়ানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় মন্ত্রণালয় চুপচাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগের আন্দোলনে যোগ দিতে চাওয়ায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। নির্যাতিত এক ছাত্র সাধারণ ডায়েরি (জিডি) করলেও পুলিশ গতকাল বৃহস্পতিবার পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। শাহবাগ চত্বরে যেতে অনুমতি চেয়ে অষ্টম, নবম ও দশম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী গত বুধবার অধ্যক্ষের কাছে আবেদন করে। এরপর তাদের ডেকে নিয়ে নির্যাতন করা হয়। কলেজের চেয়ারম্যান এম কে বাশার এবং অধ্যক্ষের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে শিক্ষার্থীরা।আরাফাত হোসেন নামের দশম শ্রেণীর একজন ছাত্র এ ঘটনায় ওই দিনই গুলশান থানায় জিডি করে। গতকাল রাতে পুলিশ জানায়, এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গতকাল শাহবাগের প্রজন্ম চত্বরে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের এ ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করা হয়। ফেসবুকে বিষয়টি নিয়ে নিন্দার ঝড় ওঠে। এর আগেও নির্যাতনের শিকার হয়ে ক্যামব্রিয়ানের এক ছাত্র আত্মহত্যা করে। জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, মন্ত্রণালয় ঘটনাটি অবগত হয়েছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন বলেন, শিক্ষার্থীদের সঙ্গে চরম অমানবিক ব্যবহার করেছে ক্যামব্রিয়ান স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি তদন্ত করতে ঢাকা অঞ্চলের উপপরিচালক এ কে এম মোস্তফা কামালকে দায়িত্ব দেওয়া হয়েছে।অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে এম কে বাশারের মুঠোফোনে গতকাল রাতে একাধিক নম্বর থেকে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন ধরেননি, কখনো সংযোগ কেটে দিয়েছেন।