ক্যামেরনকে অভিনন্দন জানিয়ে খালেদা জিয়ার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার ক্যামেরনকে ওই চিঠি পাঠানো হয়। চিঠিতে খালেদা জিয়া ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিশ্ব শান্তি, অগ্রগতি ও আর্থ-সামাজিক স্থিতিশীলতা নিশ্চিতকরণের অভিন্ন লক্ষ্য অর্জনে যুক্তরাজ্য সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন। খবর ইউএনবির। চিঠিতে খালেদা জিয়া ক্যামেরনের উদ্দেশে বলেন, ‘সদ্য সমাপ্ত নির্বাচনে রক্ষণশীল দলের বড় ধরনের জয়লাভের মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন।’ তিনি বলেন, লিবারেল ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোটবদ্ধ হয়ে সরকার গঠনের মধ্য দিয়ে উভয় দলের নেতৃত্বের প্রজ্ঞা ও বিচক্ষণতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্যে জোট সরকার গঠন সে দেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন ঘটনা। এ ঘটনা বাংলাদেশ-ব্রিটেন সম্পর্কের ক্ষেত্রেও এক নবযুগের সূচনা করবে বলে তিনি আশা প্রকাশ করেন। খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্র, স্বাধীনতা ও মানবমুক্তির অংশীদারি মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।’