ক্যামেরার লেন্সে কন্যাশিশুদের জীবনের গল্প

ওদের কেউ বলল, মেয়েদের ছোট করে দেখার দৃষ্টিভঙ্গি বদলাতে, কারও কণ্ঠে ঝরল সব বাধাকে জয় পথচলার প্রত্যয়, আবার কেউ কেউ উদ্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে একলা চলতেও রাজি।
ওরা সবাই প্রথম আলোর বন্ধুসভা ও ব্র্যাক আয়োজিত আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কারপ্রাপ্ত কিশোরী। ওরা ওদের ক্যামেরার লেন্সকে ব্যবহার করে তুলে এনেছে এ দেশের কন্যাশিশুদের যাপিত জীবনের গল্প। ওদের তোলা আলোকচিত্রে ঠাঁই পেয়েছে এই শিশুদের বহু বর্ণিল আবেগের রং, নিত্যদিনের লড়াই।
আজ বুধবার ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকার বাইরের ৭ জন এবং ঢাকার ৩ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে তুলে দেওয়া হয় একটি করে ক্রেস্ট, সনদপত্র, বাঁধাই করা ছবি এবং নগদ অর্থ। এর বাইরে বন্ধুসভার পক্ষ থেকে তাদের প্রত্যেককে দেওয়া হয় একটি করে উপহার ভর্তি ব্যাগ।
গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর থেকে সারা দেশের অনূর্ধ্ব-১৮ বছর বয়সী অসংখ্য মেয়েরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। আর বিপুলসংখ্যক ছবি থেকে সেরা ১০টি ছবি বাছাই করেন প্রথম আলোর আলোকচিত্রী কবীর হোসেন ও মনিরুল আলম। প্রতিযোগিতার পাশাপাশি দেশের ২০টি জায়গায় কন্যাশিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুসভা ও ব্র্যাক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘জাগো নারী বহ্নিশিখা’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করে আনন্দিত খান। কিশোরীদের হাতে পুরস্কার তুলে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী এবং ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি ও মাইগ্রেশন কর্মসূচির পরিচালক শীপা হাফিজা।
রাশেদা কে চৌধুরী পুরস্কারপ্রাপ্ত কিশোরী ও বন্ধুসভার সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ‘মা-বাবা এবং সমাজের প্রতি তোমাদের যে ঋণ, আলোকিত মানুষ হয়ে সে ঋণ শোধ করতে হবে। খেয়াল রাখতে হবে, যাদের কারণে বাংলাদেশ কলুষিত হয়, নারী-শিশুরা নির্যাতিত হয়, তারা যেন কখনো মাথা তুলে না দাঁড়াতে পারে।’
শীপা হাফিজা কিশোর-কিশোরীদের জন্য ব্র্যাকের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা চাই সমাজে মেয়েদের জায়গাটা উন্মুক্ত হোক, নিরাপদ হোক। আত্মশক্তিতে বলীয়ান এ মেয়েদের সবাই দেখতে পাক।’
প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন কিশোর আলোকচিত্রীদের ছবি সম্পর্কে বলেন, ‘চোখের দৃষ্টিটা একটা বড় বিষয়। ওরা ওদের দৃষ্টি দিয়ে ক্যামেরার লেন্সকে ব্যবহার করে ছবিগুলো তুলেছে। একদিন নিশ্চয়ই ওদের ছবি দেশের জন্য অনেক সম্মান বয়ে আনবে। ওদের ছবি আমরা প্রথম আলো র প্রথম পাতায় ছাপার জন্য তৈরি হয়ে রইলাম।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। তিনি বলেন, এটা শুধু প্রতিযোগিতা নয়। প্রতিযোগিতার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে আমরা শপথ করেছি-আসুন আমরা কন্যাশিশুদের বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করি। সর্বশ্রেণীর মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।’
সিরাজগঞ্জের জুয়েল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফাতেমা তুজ জোহরার তোলা ছবি প্রতিযোগিতার সেরা ছবির পুরস্কারটি পেয়েছে। দ্বিতীয় ও তৃতীয় সেরা ছবির মর্যাদা পেয়েছে বগুড়ার হোতাপাড়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার শারমিন আক্তার ও ঢাকার নালন্দা বিদ্যালয়ের উষসী মোমেনের। এ ছাড়া অন্য ৭ জনের ছবিকে বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।