ক্যাম্প উদ্বোধন
চীন-জাপান-কোরিয়া-বাংলাদেশ (সিজেকেবি) স্কাউটের যৌথ সমাজ উন্নয়ন প্রকল্পের তৃতীয় ওয়ার্ক ক্যাম্প গতকাল সোমবার বিকেলে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ স্কাউটের ব্যবস্থাপনায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ১৪ তারিখ ক্যাম্প শুরু হলেও গতকাল এর উদ্বোধন করা হয়। সিজেকেবি স্কাউটের যৌথ সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় জাজিরার ৬০০ পরিবারের মধ্যে স্যানিটেশন, নিরাপদ পানি সরবরাহ, সবজির বাগান প্রস্তুত, কৃষিকাজের ওপর প্রশিক্ষণ ও সচেতনতা সৃষ্টির জন্য কাজ করবে। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত স্কাউটের সদস্যরা প্রতিটি বাড়িতে গিয়ে এ বিষয়ে কাজ করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব মো. মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণসচিব শাহ কামাল, শরীয়তপুরের জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান প্রমুখ।