ক্যাম্প ও ফাঁড়িগুলো অরক্ষিত, পুলিশ নিরাপত্তাহীনতায়
কুষ্টিয়ার ছয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্প ও ফাঁড়িগুলোর নিরাপত্তায় সীমানাপ্রাচীর নেই। পাশাপাশি জনবল প্রয়োজনের তুলনায় কম। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সহিংসতার পরিপ্রেক্ষিতে এসব ক্যাম্প ও ফাঁড়িতে নিয়োজিত পুলিশের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।কুষ্টিয়া পুলিশ সুপারের (এসপি) কার্যালয় থেকে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ১৯৯৮ সালে দৌলতপুর উপজেলার কালিদাসপুর গ্রামে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী একটি পুলিশ ক্যাম্প স্থাপন করেন। পরে সন্ত্রাসকবলিত এলাকা বিবেচনায় এনে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় জেলায় ২৩টি স্থায়ী ও ১১টি অস্থায়ীসহ মোট ৩৪টি ক্যাম্প স্থাপন করা হয়। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে জমি কিনে টিনের ঘর তুলে স্থায়ী ক্যাম্পগুলো স্থাপন করা হয়েছে। আর অস্থায়ীগুলো সরকারি পুরোনো ভবন ও বিভিন্ন স্কুল ভবনে স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পের সঙ্গে কোনো সংযোগ সড়ক নেই। পাশাপাশি দুটি বাদে কোনোটিতেই সীমানাপ্রাচীর নেই। ক্যাম্পগুলো বেশ কয়েকটি মাঠের মধ্যে অবস্থিত। প্রতিটি ক্যাম্পে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) মোট ১৫ জন সদস্য কর্মরত রয়েছেন।পুলিশ ক্যাম্পের সদস্যরা জানান, ১৫ জন সদস্যের মধ্যে বেশির ভাগ সময় ক্যাম্পে মাত্র পাঁচ-ছয়জন দায়িত্বে থাকেন। টহল দেওয়ার জন্য যানবাহনসহ প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা নেই। নিরাপত্তার জন্য সীমানাপ্রাচীর না থাকায় তাঁদের মধ্যে আতঙ্ক কাজ করছে।কুষ্টিয়ার এসপি মফিজ উদ্দিন আহম্মেদ জানান, ক্যাম্পগুলোয় জনবল ১৫ থেকে ২৫ জনে উন্নীত করা ও সীমানাপ্রাচীর দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছে। সংযোগ সড়কের প্রস্তাবনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ে দেওয়া রয়েছে। আজ পর্যন্ত কোনোটিরই সুরাহা হয়নি।