ক্যাম্পাস অশান্ত রেখেই গতকাল বৃহস্পতিবার আবারও পাঁচ দিনের ছুটিতে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। এর আগে গত ২০ নভেম্বর থেকে তিন দফায় টানা ১৫ দিন ছুটি কাটান তিনি।
এদিকে ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এম এ মতিন গত বুধবার রাতে অসুস্থ হয়ে পড়ায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আফসার আহমদ উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, বুধবার রাতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারের বাসায় পর পর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে রাতজুড়ে উত্তেজনার পর অসুস্থ হয়ে পড়া উপাচার্য গতকাল বেলা সোয়া দুইটার দিকে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়েন। অজিত কুমার মজুমদার জানান, কে বা কারা দোতলার করিডরের জানালায় পর পর দুটি ককটেল ছুড়ে মারে। ককটেলের বিস্ফোরণে জানালার কাঠের কাঠামো ও কাচ ভেঙে যায়। একটি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম।
উপাচার্যের বাসভবনের সামনে আগে থেকেই ঐক্য ফোরামের ব্যানারে তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অবরোধ কর্মসূচি চলছিল। এ সময় মাইকে শিক্ষকেরা উপাচার্যকে আলোচনার জন্য বের হয়ে আসতে বলেন এবং আধা ঘণ্টা সময় বেঁধে দেন। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য বের হয়ে না এলে ছাত্ররা উপাচার্যের বাসভবনের নিরাপত্তাকর্মীদের কক্ষের জানালা ভাঙচুর করেন। তাঁরা বাসভবনের বন্ধ থাকা প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে কয়েকটি বৈদ্যুতিক বাতিও ভাঙচুর করেন। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সীমানাপ্রাচীরের ভেতরে অবস্থান নেন। রাত একটার দিকে ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, পুলিশ সুপার হাবিবুর রহমান এবং সাভার উপজেলার নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান মোল্লা উপাচার্যের বাসভবনে আসেন। এ সময় উপাচার্যের বাসভবনের ভেতরে এবং বাইরে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। গতকাল বেলা সোয় দুইটার দিকে কামরুল আহসান মোল্লার উপস্থিতিতে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়েন উপাচার্য।
এদিকে বুধবার রাতে দায়িত্ব গ্রহণ করা ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আফসার আহমদ ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন। শিক্ষক সমিতির সভাপতির বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।