একনেকের অনুমোদন না পাওয়ায় কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও দুটি ছাত্রাবাস নির্মাণের কাজ শুরু হচ্ছে না। কর্তৃপক্ষ এখন পর্যন্ত কলেজের নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমিও অধিগ্রহণ করেনি।কলেজের অধ্যক্ষ মনছুর খলিল বলেন, ‘কলেজটি পাঠ অনুমোদন পেয়েছে, শিক্ষার্থী নিবন্ধনও হয়েছে। একনেক অনুমোদন না করায় একাডেমিক ভবন নির্মাণ ও নিজস্ব ক্যাম্পাস হচ্ছে না বলে দুশ্চিন্তায় আছি। অথচ একই সঙ্গে সাতক্ষীরা, গোপালগঞ্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজ অনুমোদন পেলেও ওই তিনটি আমার জানামতে একনেকে অনুমোদন পেয়েছে। সেগুলোর নিজস্ব ক্যাম্পাস ও ভবন তৈরির কাজ চলছে। এই প্রকল্পের আওতায় আগামী ২০১৪ সালের মধ্যে এগুলো বাস্তবায়নের কথা রয়েছে। আমাদেরও এ বছরের মধ্যে তিনটি ভবন তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি ছিল। সামনের অক্টোবরে দ্বিতীয় ব্যাচ ভর্তি হলে কী হবে, তা নিয়ে দুশ্চিতায় আছি।’কলেজ সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বর মাসে ৩৩ জন ছাত্রী ও ২০ জন ছাত্রকে প্রথমবর্ষে ভর্তি করানো হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় নার্সিং ইনস্টিটিউটের চারটি কক্ষ মেডিকেল কলেজের জন্য বরাদ্দ নেওয়া হয়। কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন অধ্যাপক মনছুর খলিল। পরে বিভিন্ন বিভাগের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপকসহ ২০ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। ২০১২ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের পাঠদান শুরু হয়। ছাত্রদের জন্য শহরের হারুয়া বউবাজার এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ছাত্রাবাস আর ছাত্রীদের জন্য নার্সিং ইনস্টিটিউটের তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারীদের আবাসন ভবনটিকে ছাত্রীনিবাস করা হয়।কলেজের ছাত্র সিলেটের আবদুল্লাহ আল মামুন জানান, প্রয়োজনীয় শ্রেণীকক্ষ, ভবন, চেয়ার টেবিলসহ আনুষঙ্গিক জিনিসপত্র না থাকায় কোনোভাবে কলেজে পাঠদান কার্যক্রম চলছে। কিন্তু কলেজের উন্নয়ন কর্মকাণ্ড কিছুই নেই।ছাত্রী শামীমা বিনতে হোসেন ও আমেনা কালাম বলেন, ‘স্থায়ী ক্যাম্পাস না থাকায় সমস্যা হচ্ছে। খেলাধুলার জন্য কোনো মাঠ নেই, চিত্তবিনোদনের ব্যবস্থা নেই। শিক্ষক থাকলেও ব্যবহারিক ক্লাসের প্রয়োজনীয় যন্ত্রপাতি নেই। খাবারের জন্য রুম নেই। এমনকি খেলাধুলার কক্ষ ও প্রার্থনাকক্ষ নেই। দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের নামের কলেজটি দ্রুত হবে বলে উৎসাহ নিয়ে এখানে ভর্তি হয়েছি। এখন শুনছি মেডিকেল কলেজ স্থাপনের জন্য এখনো জমি অধিগ্রহণ করা হয়নি। অ্যানাটমি বিভাগ ২৫০ শয্যার সদর হাসপাতালে হওয়ায় কাজ করতে অসুবিধা হয়।’শিক্ষার্থী হাদিউল রশিদ জানান, নিজস্ব স্থায়ী ক্যাম্পাস দ্রুত প্রয়োজন। পড়াশোনার জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর প্রয়োজন। ছাত্রাবাসে পানির সমস্যা রয়েছে।নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ সেলিন যমুনা কুরাইয়া জানান, নার্সিং ইনস্টিটিউটে দুটি ব্যাচের পড়াশোনা চলছে। তৃতীয় ব্যাচ সামনের অক্টোবরে আসবে। এ সময় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থাকবে না। ওই সময় মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কোনোভাবেই শ্রেণীকক্ষগুলো ব্যবহার করতে দেওয়া যাবে না।