এক মাস গ্রীষঞ্চকালীন ছুটির পর গতকাল মঙ্গলবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুললেও অধিকাংশ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। গত ১৩ মে শিক্ষক সমিতির সাধারণ সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, গতকালও কর্মবিরতি অব্যাহত ছিল। ফলে সমাজবিজ্ঞান অনুষদের প্রায় সব কটি বিভাগসহ অন্যান্য অনুষদের বেশির ভাগ বিভাগে কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। তবে বাংলা, ইংরেজি, দর্শন, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, প্রত্নতত্ত্ব, উদ্ভিদবিজ্ঞান বিভাগসহ বিজনেস স্টাডিজ ইনস্টিটিউটের কিছু বিভাগে দু-একটি করে ক্লাস হয়েছে। ক্যাম্পাস খোলায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো।এদিকে আজ বুধবার শিক্ষক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানানো হয়েছে। গণমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া, ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়া, শিক্ষকদের ক্ষতিপূরণ না দেওয়ায় উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে গত ২৭ এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এরই মধ্যে ১৮ মে থেকে মাসব্যাপী গ্রীষঞ্চকালীন ছুটি শুরু হয়।অফিসার সমিতির কর্মবিরতি: এদিকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ৬০ থেকে ৬২ বছরে উন্নীতকরণ ও পদোন্নতি নীতিমালা পর্যালোচনা করে বাস্তবায়নের দাবিতে গতকালও দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে অফিসার সমিতি। দাবি আদায়ে সকাল নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কর্মকর্তারা।এ ব্যাপারে অফিসার সমিতির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নের জন্য ২০ জুন সিন্ডিকেট সভায় আলোচনা হবে বলে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন আশ্বাস দিয়েছেন। এ কারণে ওই দিন পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করেছি।’