ক্যাম্পাস খুলেছে, শিবিরের ছয় কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৩৮ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে খোলার প্রথম দিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম। বেশির ভাগ বিভাগে ক্লাস হয়নি বলে জানা গেছে। এদিকে ক্যাম্পাস থেকে গতকাল শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ তাঁর কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিনে উপস্থিতি সন্তোষজনক। বিভিন্ন বিভাগে শিক্ষকেরা ক্লাস নিয়েছেন।’ ক্যাম্পাস পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য। এদিকে চার দফা দাবিতে ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ে লাগাতার ছাত্র-ধর্মঘট শুরু করেছে। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে গতকাল দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের দুই স্থানে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ ছাড়া ভোরে ছাত্রশিবিরের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ভবনে তালা লাগিয়ে দেন বলে জানা গেছে। তবে নিরাপত্তাকর্মীরা কিছুক্ষণের মধ্যে এসব তালা ভেঙে ফেলেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রশিবিরের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ভবন থেকে চাকসু ভবন পর্যন্ত একটি মিছিল করেন। একই সময়ে আলাওল হলের সামনে আরেকটি মিছিল বের করে সংগঠনটি। প্রতিটি মিছিলে ১৫-২০ জন করে নেতা-কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় পুলিশ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিবিরের ছয় কর্মীকে আটক করে। হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে মিছিল করার অপরাধে ছয়জনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’