ক্যাম্পাস খোলার দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খোলার দ্বিতীয় দিনেও ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। এ কারণে প্রথম দিনের মতো গতকাল সোমবারও অধিকাংশ বিভাগে ক্লাস অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চলাচলসহ সার্বিক যোগাযোগব্যবস্থা স্বাভাবিক ছিল। ক্যাম্পাস সূত্র জানায়, চার দফা দাবিতে ছাত্রশিবিরের ছাত্রধর্মঘট অব্যাহত আছে। গতকালও ছাত্রশিবির রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসের দুই স্থানে ঝটিকা মিছিল করেছে। গতকাল দুপুরে কলা অনুষদের সামনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রশিবির। সমাবেশে বক্তারা প্রশাসনকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রশিবিরের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ধর্মঘটের সমর্থনে গতকাল সকালে বিশ্ববিদ্যালয় কলেজের সামনে থেকে ছাত্রশিবিরের কর্মীরা মিছিল বের করেন। মিছিলটি আলাওল হলের সামনে এলে পুলিশি ধাওয়ায় পণ্ড হয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এ ছাড়া ছাত্রশিবির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে উসকানিমূলক প্রচারপত্র বিলি করছে বলে অভিযোগ রয়েছে। এদিকে, বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের বিষয়ে চার দিনেও কোনো সুরাহা করতে পারেনি কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে আসা এ হলের আবাসিক শিক্ষার্থীদের থাকতে হচ্ছে নগরের বন্ধুদের মেসে ও বাসায়। আবার অনেক ছাত্রই এ কারণে বিশ্ববিদ্যালয়ে আসছেন না। শাহ আমানত হলের একাধিক আবাসিক ছাত্র ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্য হলগুলো খোলা রয়েছে। কিন্তু চার দিন ধরে তাঁদের হল বন্ধ। আবাসন সমস্যার কারণে ক্লাসেও অংশগ্রহণ করতে পারছেন না। তাঁরা খুব দ্রুত এ হল খুলে দেওয়ার দাবি জানান। উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খুলে দেওয়া হয়। তবে শাহ আমানত হলে ওঠাকে কেন্দ্র করে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ ওই দিন দুপুরে হল সিলগালা করে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ-উদ-দৌলাহ সাংবাদিকদের বলেন, ‘শাহ আমানত হল নিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি শান্ত হয়ে এলে হল খুলে দেওয়া হবে।’ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কলিম উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হল পুরোপুরি বন্ধ। তবে হলে কোনো শিক্ষার্থীর প্রয়োজনীয় জিনিসপত্র থাকলে সকালে এসে নিয়ে যেতে পারবেন।’ প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলে বৈধ শিক্ষার্থীদের অবস্থান নিশ্চিত, দুই নেতা হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও শাস্তি, গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় খোলার প্রথম দিন রোববার থেকে শিবিরের ডাকা ধর্মঘট চলছে।