ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও ভেঙে পড়েছে স্বাভাবিক শিক্ষাকার্যক্রম। ছন্দপতন ঘটেছে শিক্ষাপঞ্জিতে, থমকে আছে সব দাপ্তরিক কার্যক্রমও।
হরতাল-অবরোধের কারণে ১৫ নভেম্বরের পর থেকে এখন পর্যন্ত হয়নি কোনো ক্লাস। স্থগিত রয়েছে সব বিভাগের পূর্বনির্ধারিত চূড়ান্ত পরীক্ষাও। এতে অঘোষিত ছুটিতে শিক্ষার্থীশূন্য হয়ে উঠছে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের শিক্ষার্থী নতুন করে ছয় মাসের শিক্ষাজটে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) খান তৌহিদ ওসমান বলেন, বিরোধী জোটের হরতাল-অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় মাসের শিক্ষাজটে পড়তে যাচ্ছেন।
১৫ ও ১৭ ডিসেম্বর থেকে যথাক্রমে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এ উপলক্ষে ফরম পূরণ শেষে পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শিক্ষার্থীরা। কিন্তু হরতাল-অবরোধের কারণে স্থগিত করা হয়েছে তাঁদের পরীক্ষা। একই বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল যথাক্রমে চার ও পাঁচ জানুয়ারি। এই দুই বর্ষের ফরম পূরণের সর্বশেষ তারিখ ছিল যথাক্রমে ১৫ ও ১৭ ডিসেম্বর। কিন্তু ১০ ডিসেম্বর নোটিশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ওই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, ‘আমাদের বিভাগে কোনো শিক্ষাজট ছিল না। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, আমরা মনে হয় এবার শিক্ষাজটে পড়ে যাব।’ এদিকে সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোয় গিয়ে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষার্থীই ইতিমধ্যে ক্যাম্পাস ছেড়েছেন। যাঁরা আছেন, তাঁরাও ক্যাম্পাস ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
ক্যাম্পাস-ছাড়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে ৪০ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস হচ্ছে না। চূড়ান্ত পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এ অবস্থায় ক্যাম্পাসে থেকে কী করব? তাই চলে যাচ্ছি। কখন ক্যাম্পাসে ফিরতে পারব সৃষ্টিকর্তাই ভালো জানেন।’
এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শুক্রবারে ক্লাস-পরীক্ষা নেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মহল এগিয়ে এলে তা সম্ভব।