ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড পেলেন ছয় প্রতিবেদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় শহীদ সাংবাদিক চিশতী শাহ্‌ হেলালুর রহমান ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সংবাদদাতা মনোয়ার আহমেদের নামে দুটি ট্রাস্ট ফান্ডের অধীন আটটি পুরস্কার পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমের ছয়জন বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।

গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ক্যাম্পাস জার্নালিজম অ্যাওয়ার্ড-২০১৭’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রকাশিত সংবাদগুলো যাচাই করে আটটি পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে দুটি ট্রাস্ট ফান্ড থেকে মোট তিনটি পুরস্কার পান ডেইলি স্টার-এর সাবেক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মো. মাহ্দী-আল-মুহতাসিম।

অন্যদের মধ্যে ‘চিশতী শাহ্‌ হেলালুর রহমান স্মৃতি ট্রাস্ট ফান্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন দি ডেইলি অবজারভার-এর মো. আবদুল করিম, বণিক বার্তার সাইফ সুজন ও প্রথম আলোর আসিফুর রহমান। ‘মনোয়ার আহমেদ স্মৃতি ট্রাস্ট ফান্ড’ অ্যাওয়ার্ড পেয়েছেন যুগান্তর-এর মাহমুদুল হাসান ও বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমের তপন কান্তি রায়।

 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য দেন। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মো. ফরহাদ উদ্দীন।