ক্যাম্পাস থেকে ওষুধের দোকান না সরালে কাল থেকে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাস থেকে ওষুধের দোকান সরানো না হলে কাল বৃহস্পতিবার থেকে দিনাজপুরের সব ওষুধের দোকান অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দিনাজপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এ ঘোষণা দেয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. গিয়াস উদ্দিন। লিখিত বক্তব্যে বলা হয়, হাসপাতালের ভেতর গিফট শপ, স্ন্যাক শপ ও ওষুধের দোকান রাখা হয়েছে। এ ব্যাপারে দিনাজপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে তাদের আপত্তির কথা হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে আসছে। কিন্তু ক্যাম্পাস থেকে এসব দোকান উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি।সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ব্যাপারে সংগঠনের নেতারা দিনাজপুর সদর-৩ আসনের সাংসদ ইকবালুর রহিমের সঙ্গে দেখা করলে তিনিও ক্যাম্পাস থেকে ওষুধের দোকান তুলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশও কার্যকর হয়নি।এ অবস্থায় দিনাজপুর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ঘোষণা দিয়েছে, আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ আজ বুধবারের মধ্যে ক্যাম্পাস থেকে ওষুধের দোকান না সরালে বৃহস্পতিবার থেকে দিনাজপুরের প্রায় পাঁচ শতাধিক ওষুধের দোকান বন্ধ রাখা হবে।জানতে চাইলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মো. ইকবাল প্রথম আলোকে জানান, সমস্যাটি সমাধানে কর্তৃপক্ষ চেষ্টা করছে। সংশ্লিষ্ট দুটি পক্ষের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সদস্য মো. সোহাগ, হামিদুর রহমান, হাফিজুর রহমান, বেলাল শিকদার, আনোয়ার হোসেন, মঈনুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।