বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতালের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয় (টেকনিক্যাল কলেজ) চত্বর থেকে তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
মহাবিদ্যালয়ের নৈশপ্রহরী আবদুস সাত্তার জানান, সকালে তিনি প্রথম বোমাসদৃশ বস্তু তিনটি দেখতে পান। শিশুদের খেলার বস্তু ভেবে নিজ হাতে সেগুলো মহাবিদ্যালয়ের প্রধান ফটক থেকে একটু দূরে সরিয়ে রেখে সহকর্মী মাহফুজার রহমানকে ডেকে দেখান। পরে বিষয়টি মুঠোফোনে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ আমির আলী আজাদকে জানানো হয়। অধ্যক্ষ ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশের একটি দল এসে পানিভর্তি বালতিতে সেগুলো রেখে নিষ্ক্রিয় করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাসদৃশ বস্তুগুলোতে বৈদ্যুতিক তার ও একটি ছোট সার্কিটও দেখা গেছে। ধারণা করা হচ্ছে, দূর থেকে রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে এগুলোর বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা ছিল দুর্বৃত্তদের। গত সোমবার রাতের কোনো একসময় কে বা কারা শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকে এগুলো রেখে যায়।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান বোমাসদৃশ বস্তু উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, মূলত আতঙ্ক ছড়াতেই এগুলো ওখানে রাখা হয়েছিল।