ক্যাম্পাস থেকে সভাপতিকে বের করে দিলেন বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা ও নিজ সংগঠনের বিদ্রোহী নেতা-কর্মীদের দখলে থাকায় গত দুই মাস ক্যাম্পাসে ঢুকতে পারেননি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মুর্শেদুজ্জামান খান। গতকাল রোববার ভোরে কিছু অনুসারী নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের একটি হলে অবস্থানের চেষ্টা করেন। বিদ্রোহী পক্ষের নেতা-কর্মীদের চাপে তাঁদের হল থেকে বের করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ঈদুল ফিতরের ছুটির পর ২৪ জুলাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুললেও মামলা ও নিজ সংগঠনের মধ্যম ও নিচের সারির নেতা-কর্মীদের ক্যাম্পাস দখলে থাকায় মুর্শেদুজ্জামান এ পর্যন্ত ক্যাম্পাসে আসতে পারেননি। এত দিন পর্যন্ত তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে কয়েকজন অনুসারী নিয়ে তিনি শহীদ শামসুল হক হলে অবস্থান নেন।
সূত্র জানায়, হঠাৎ করেই ছাত্রলীগের সভাপতি তাঁর অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে ঢোকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বেলা দেড়টার দিকে বিদ্রোহীরা ওই হলের সামনে গিয়ে স্লোগান দেন। একপর্যায়ে তাঁরা হলের মূল ফটক ধরে ধাক্কাধাক্কি করেন। এ সময় হলের গেট তালাবদ্ধ ছিল। বিদ্রোহীরা বেশ কয়েকবার ওই হলে ঢোকার চেষ্টা করেন। ঘটনার সময় ছবি তুলতে গেলে ছাত্রলীগের সাবেক নেতা এস এম রায়হান, তানভীর হাসান ও প্রান্ত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সংঘর্ষ এড়াতে বেলা সাড়ে তিনটার দিকে মুর্শেদুজ্জামান ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক অর্পি হাওলাদারকে হলের পেছনের গেট দিয়ে বের করে মাইক্রোবাসে পাঠিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁরা দুজন ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিনের বাসা ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা একটি মামলার আসামি। পরে বিকেল চারটার দিকে তাঁদের বাকি অনুসারীদের পুলিশের পাহারায় বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। এ সময় বিদ্রোহী নেতা-কর্মীরা গাড়িতে কাদা ছোড়েন এবং গালাগাল করেন। পরে তাঁরা একটি বিজয় মিছিল বের করেন।
ঘটনাস্থলে থাকা ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ সুপার আবদুর রশিদ (এএসপি) বলেন, ‘হলে কতিপয় সন্ত্রাসী ও আসামি থাকার অভিযোগ পেয়ে আমরা তাঁদের গ্রেপ্তারের জন্য আসি। কিন্তু সেখানে কোনো সন্ত্রাসী ও আসামি না পাওয়ায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে কিছু ছাত্রকে নিরাপদে হল থেকে বের করে দিই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম জাকির হোসেন বলেন, ‘কিছু ছাত্র হলে নিজেদের নিরাপত্তার আশঙ্কা প্রকাশ করে আমাকে তাঁদের উদ্ধার করতে বলেন। পুলিশের সহযোগিতায় ক্যাম্পাসের বাইরে যেতে চাইলে তাঁদের পাঠিয়ে দেওয়া হয়। ক্যাম্পাস এখন শান্ত।’