ক্যাম্পাস নিয়ন্ত্রণের ভার পুলিশের কাছে হস্তান্তর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণের ভার গতকাল বুধবার পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। সকালে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন এবং দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় ক্যাম্পাস অশান্ত হয়ে ওঠার পর কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে প্রশাসনিক ভবনের বাবুর্চি আলমগীর হোসেন ও মো. আবদুল্লাহ চিকিৎসা কর্মকর্তা আরাফাত রহমান ও নিরাপত্তা কর্মকর্তা আবদুল কাদেরের সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনার প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারীরা বেলা ১১টার দিকে রেজিস্ট্রার মমিনুল হককে ভেতরে রেখে তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। এরপর কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের নিচে অবস্থান ধর্মঘট শুরু করেন। পরে তাঁরা পাঁচ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তা পূরণের সময়সীমা বেঁধে দেন। কর্মকর্তা-কর্মচারী ঐক্য-পরিষদের আহ্বায়ক আরাফাত রহমান প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের দাবি বাস্তবায়ন না করা হলে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি দেওয়া হবে। এদিকে, বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সমর্থকদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এর জেরে তিনটার দিকে ক্যাম্পাসে দুই পক্ষের হামলা ও ইট-পাটকেলে আটজন ছাত্র আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই দল ছাত্রের মধ্যে একের পর এক সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাই তাঁরা লিখিতভাবে ক্যাম্পাস নিয়ন্ত্রণের ভার পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেছেন। পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী বলেন, প্রাথমিকভাবে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে তিনি নিজে সেখানে গিয়ে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।