ক্যাম্পাস সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস সম্প্রসারণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে এই দাবি তুলে ধরা হয়।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে কয়েক শ শিক্ষার্থী ক্লাস বর্জন করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মাসুম বলেন, দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শতাধিক একর জমি থাকলেও ডুয়েটের জমি রয়েছে মাত্র ২০ একর। একটি মাত্র চারতলা ভবনে একই সঙ্গে শিক্ষা, দপ্তর ও শিক্ষকদের ব্যক্তিগত অফিস কার্যক্রম পরিচালিত হচ্ছে। শ্রেণীকক্ষের সংকট প্রকট। তিনটি অনুষদে ১১টি বিভাগ থাকলেও প্রতিটি বিভাগে ব্যবহারিক যন্ত্রপাতির স্বল্পতা রয়েছে। নেই কোনো গবেষণা কেন্দ্র। ছাত্রাবাসে জায়গা না থাকায় ৫৭ শতাংশ শিক্ষার্থীকে বাইরে ঘর ভাড়া করে থাকতে হচ্ছে। খেলার মাঠ নেই। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে গত বছরের ১৬ মে ক্যাম্পাসের জমি সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেন। পরে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, দাবির পরিপ্রেক্ষিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে এ বিশ্ববিদ্যালয়ের জন্য চার একর জমি ‘ডি-রিজার্ভ’ করার ব্যাপারে প্রধান বন সংরক্ষক (সিসিএফ) মো. ইউসুফ আলীকে চিঠি দেন। সিসিএফ তাতে সম্মতি দিলে পরে তা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। অথচ ১০ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয় থেকে ‘ডুয়েটের প্রস্তাবিত অবকাঠামো নির্মাণ ও অন্যান্য প্রয়োজনে চার একরের পরিবর্তে দুই একরের মাধ্যমে সম্পন্ন করা যায় কি না’ শিরোনামে নতুন চিঠি সিসিএফকে পাঠানো হয়। চার একর জমি দিতে স্পষ্ট প্রস্তাবনা নকশাসহ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল, তাই নতুন এই পত্র শুধু কালক্ষেপণ এবং জমি না দেওয়ার বাহানা বলে প্রতীয়মান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলাউদ্দীন বলেন, স্থানীয় সাংসদ ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধান করার চেষ্টা করা হবে।