ক্যাম্পাস সম্প্রসারণের দাবি পরীক্ষা বর্জন ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাসের পরিধি বৃদ্ধির জন্য জমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছেন। ডুয়েট ছাত্রসংগ্রাম পরিষদের উদ্যোগে ক্যাম্পাসে গতকাল সোমবার ওই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে ডুয়েটের শিক্ষক সমিতি, কর্মকর্তা ও কর্মচারীরা গতকাল একাত্মতা প্রকাশ করেছেন। চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম নিয়ে আলোচনার জন্য শিক্ষকদের ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষার্থীরা গত রোববার থেকে এ আন্দোলন শুরু করেন। ফলে গতকাল সোমবার নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সূত্র জানায়, গাজীপুর শহরের পাশে ২০ দশমিক ২৯ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত ডুয়েটে মাত্র একটি একাডেমিক ভবন ও ছাত্রদের পাঁচটি হল রয়েছে। ছাত্রীদের জন্য কোনো হল নেই। প্রশাসনিক কার্যক্রম ও শ্রেণীকক্ষের জন্য পর্যাপ্ত জায়গার অভাব রয়েছে। একমাত্র একাডেমিক ভবনে উপাচার্যের দপ্তর, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর, অডিট ও অর্থ শাখা, বিভিন্ন বিভাগীয় প্রধানের কার্যালয়, কম্পিউটার সেন্টার, শ্রেণীকক্ষ ও শিক্ষকদের কক্ষ রয়েছে। এ ছাড়া লাইব্রেরি ভবনে রয়েছে চিকিৎসাকেন্দ্র, ছাত্রকল্যাণ পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালকের দপ্তর, শ্রেণীকক্ষ এবং শিক্ষকের কক্ষ। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আবাসনের ব্যবস্থাও অপর্যাপ্ত। তাই অনেকে ক্যাম্পাসের বাইরে বাড়িভাড়া নিয়ে বসবাস করতে বাধ্য হয়েছেন। পর্যাপ্ত জমির অভাবে আলাদা কোনো প্রশাসনিক ভবন গড়ে তোলা হয়নি, একাডেমিক ভবনেই প্রশাসনিক কাজ চালানো হচ্ছে। এদিকে আবাসনসংকট নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেলার মাঠে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ও বিনোদনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ডুয়েট ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম বলেন, জমি অধিগ্রহণ না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখা হবে। এ সময় সব ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ থেকে শিক্ষার্থীরা বিরত থাকবেন। ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক মোল্লা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিকভাবে ডুয়েটের জন্য জমি চাই।’ডুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক গনেশ চন্দ্র সাহা বলেন, অপ্রতুলতার কারণে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের হলে আসন বরাদ্দ দেওয়া সম্ভব হয় না। তবে তৃতীয় বর্ষে পদার্পণের পরই তাঁরা হলে আসনের জন্য আবেদনের সুযোগ পান। শিক্ষকদের অনেকেই সপরিবারে ডরমেটরিতে বসবাস করেন। অনেক শিক্ষক ক্যাম্পাসের বাইরে ভাড়া বাসায় থাকেন।ডুয়েটের উপাচার্য সবদর আলী বলেন, প্রয়োজনীয় জমি বরাদ্দ পেতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মন্ত্রণালয় দুই মাস আগে এ ব্যাপারে একটি কমিটি গঠন করে। পরিদর্শন ও সম্ভাব্যতা যাচাই শেষে ওই কমিটি গত ৩০ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছে।