গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। ‘পতাকা পেয়েছি, মানচিত্র চাই’ স্লোগান নিয়ে ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে এক মাসের বেশি সময় ধরে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।একই দাবিতে গতকাল শনিবার শিক্ষার্থীরা ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের জন্য জমি অধিগ্রহণের দাবিতে প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং দেশব্যাপী জনমত তৈরি করতে ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ঢাকা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করবেন।শিক্ষার্থীরা আরও জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ডুয়েট। এখানে একজন শিক্ষার্থীর প্রকৌশল শিক্ষাজীবন শেষ হয় আট বছরে। ডুয়েটে তিনটি অনুষদের অধীনে ১৪টি বিভাগ থাকলেও কোনো বিভাগেরই নিজস্ব ভবন নেই। নেই কোনো থিসিস, জার্নাল বা বিশেষ গবেষণার জন্য গবেষণাগার। মাত্র ২০ দশমিক ২৯ একর জমির ওপর এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত। তাই বিশ্ববিদ্যালয়ের পাশে বন বিভাগের সাড়ে ২৭ একর জমি অধিগ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। ২০০৯ সালে এই জমির জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যাত হয়। এর পর থেকে জমি বরাদ্দের জন্য কোনো অগ্রগতি নেই। এ কারণে তাঁরা জমি অধিগ্রহণের দাবিতে গত ১৬ মে থেকে সব ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ থাকলেও নানা কারণে বিশ্ববিদ্যালয়টি অবহেলিত। এর অন্যতম সমস্যা হলো ক্যাম্পাসের আয়তনের সংকট। তাঁরা বৈষম্যের শিকার। একই মানের বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আয়তন ৭৬ দশমিক ৮৫ একর, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আয়তন ১০১ একর, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আয়তন ১৫০ একর ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আয়তন ১৬৩ একর। কিন্তু তাঁদের বিশ্ববিদ্যালয়ের আয়তন মাত্র ২০ দশমিক ২৯ একর।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের আবাসন সমস্যা প্রকট। অর্ধেকের বেশি শিক্ষার্থী ক্যাম্পাসের বাইরে মেসে মানবেতর জীবন যাপন করছেন। নেই পর্যাপ্ত শ্রেণীকক্ষ, কোনো বিভাগেরই আলাদা ভবন নেই, গবেষণাগার, গ্রন্থাগার ভবনসহ অন্যান্য ভবনও নেই। এর একমাত্র কারণ জায়গার স্বল্পতা। শিক্ষার্থীদের একটি খেলার মাঠ ছিল। কিন্তু সেটিও এখন নেই। সেখানে নতুন হল নির্মাণ করা হচ্ছে। আয়তনের সংকটের কারণে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘এক মাস ছয় দিন ধরে টানা আন্দোলন করে আসছি। কিন্তু কোনো ধরনের ধংসাত্মক কাজ করা হয়নি। এর পরও সরকারের কোনো টনক নড়ছে না। আন্দোলনের জন্য তাঁদের শিক্ষাজীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এর পরও দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাসে ফিরবেন না।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সবদার আলী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাই ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সফল করতে আমরা তাঁদের সার্বিক সহযোগতাি করছি।’