ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে ঢাকা অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণের দাবিতে গতকাল বুধবার ঢাকা অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করেছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সকাল সাতটায় ক্যাম্পাস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হেঁটে ঢাকা অভিমুখে লংমার্চ শুরু করেন শিক্ষার্থীরা। তাঁদের লংমার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে পৌঁছায় বিকেল চারটায়। সেখানে তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনে বক্তব্য দেন ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম, আবদুল হান্নান, তরিকুল ইসলাম, নুসরাত জাহান ও শাহীনুর আক্তার। বক্তারা বলেন, ক্যাম্পাস সম্প্রসারণের জন্য ভূমি অধিগ্রহণ না করা পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত থাকবে। প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে লংমার্চে অন্তত ১৪০০ শিক্ষার্থী অংশ নেন। দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তুলনায় ডুয়েট ক্যাম্পাসে ভূমির পরিমাণ কম থাকায় আবাসন-সংকট, ক্লাসরুমের স্বল্পতাসহ নানামুখী বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। তাই গত ১৬ মে থেকে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে ভূমি সম্প্রসারণ বাস্তবায়ন আন্দোলনের কর্মসূচি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা ক্লাস বা পরীক্ষায় ফিরে যাবেন না। উপাচার্য সবদার আলী জানান, ‘ছাত্রদের ক্যাম্পাসে ভূমি সম্প্রসারণের যৌক্তিক আন্দোলনের সঙ্গে আমরা একমত পোষণ করলেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় ফিরে আসা উচিত।’