গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে গতকাল বুধবার সকালে শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেছেন। গাজীপুর শহরের রাজবাড়ি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি মাত্র ২০ দশমিক ২৯ একর জমিতে। এতে নানা সমস্যা হচ্ছে। এ কারণে ১৪ মে থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা গতকাল সকালে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন করেন। এ সময় বিভিন্ন স্লোগানসংবলিত ফেস্টুন গলায় ঝুলিয়ে রাখেন তাঁরা। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যাবিষয়ক প্রচারপত্র বিতরণ করেন। বিশ্ববিদ্যালয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম প্রথম আলোকে জানান, ‘সরকার আমাদের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি বরাদ্দ না দেওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন চলবে।’