ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীরা গতকাল বুধবার চতুর্থ দিনের মতো পরীক্ষা ও ক্লাস বর্জন করেছেন। গতকাল সারা দিন শিক্ষার্থীরা বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, মিছিল ও সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজামেঞ্চল হকের সঙ্গে দেখা করেন। এ সময় তাঁদের দাবি লিখিত আকারে পেশ করা হয়। এ সময় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা তাঁদের ছোট্ট পরিসরের ক্যাম্পাসের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের সরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটের ৩০ হাজার এবং বেসরকারি ডিপ্লোমা ইনস্টিটিউটের আরও প্রায় ৩০ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার একমাত্র বিদ্যাপীঠ এই বিশ্ববিদ্যালয়। জমিস্বল্পতার কারণে এখানে আসনসংখ্যা বৃদ্ধি করা যাচ্ছে না। এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ৪০টি বিভাগে শিক্ষার্থীরা ডিপ্লোমা ডিগ্রি অর্জন করলেও বিশ্ববিদ্যালয়ে মাত্র সাতটি বিভাগ চালু রয়েছে এবং আরও তিনটি বিভাগ প্রক্রিয়াধীন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) সকালে সাংসদ আ ক ম মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ে আসার সমঞ্চতি দিয়েছেন। ছাত্র সংগ্রাম পরিষদ ও প্রশাসনের সঙ্গে তাঁর পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবিতে শিক্ষার্থীরা গত রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন।