ক্যাম্পাস সম্প্রসারণের ব্যাপারে ত্রিপক্ষীয় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-১ আসনের সাংসদ আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস সম্প্রসারণের কাজ নিয়মতান্ত্রিকভাবে করলে আগামী দুই মাসের মধ্যে জমি অধিগ্রহণ করা সম্ভব।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসানউল্লাহ মাস্টার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংসদ এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণ এবং এ কারণে জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা সমাধানের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম সবদার আলী, ছাত্রকল্যাণবিষয়ক পরিচালক আলাউদ্দিনসহ শিক্ষক সমিতির প্রতিনিধি, সব অনুষদ ও বিভাগের প্রধান এবং আন্দোলনরত ছাত্র সংগ্রাম পরিষদের শিক্ষার্থীরা।সভায় শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের ব্যাপারে প্রশাসনের বিভিন্ন তৎপরতা তুলে ধরেন। সভায় সাংসদ মোজাম্মেল হক প্রশাসনের সঙ্গে যোগাযোগ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের পরামর্শ দিয়ে বলেন, জমি অধিগ্রহণের বিষয় একটি মন্ত্রণালয়ের অধীনে নয়। তাই সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে। এ ব্যাপারে সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন তিনি।গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) ক্যাম্পাস সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণের দাবিতে ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শিক্ষার্থীরা গত রোববার থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন।গতকালের মতবিনিময় সভায় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল্লাহ আল মাসুম তাঁদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সব মহলের সর্বাত্মক সহযোগিতা চান। তিনি বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।