ক্যাম্পাসে আগস্টের সংঘর্ষে জড়িতদের বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের ওপর ২০০৭ সালের আগস্টে সেনাবাহিনীর সদস্যদের নির্যাতনের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।ঢাকা বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থীরা এ দাবি জানান।ক্যাম্পাসে ২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট পর্যন্ত চলা ঘটনার স্মরণে ২৩ আগস্ট কালো দিবস পালিত হয়ে আসছে। এ বছর ঈদের বন্ধের কারণে দিবসটি আনুষ্ঠানিকভাবে পালিত হয় গতকাল।সভাপতির বক্তব্যে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯১ বছরের ইতিহাসে এ ধরনের ঘটনা আর ঘটেনি। শিক্ষকদের চোখ বেঁধে তুলে নিয়ে তাঁদের সঙ্গে যে ধরনের আচরণ করা হয়, চোর-ডাকাতদের সঙ্গেও তেমন আচরণ করা হয় না।’ তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানান।সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সহিদ আখতার হুসাইন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দিনটি কালো দিবস। কিন্তু জাতির জীবনে একটি ঐতিহাসিক ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিন।...সেনাবাহিনীর কাজ দেশকে রক্ষা করা, কোনো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা নয়।’সহিদ আখতার হুসাইন ওই ঘটনার বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ অচিরেই বাস্তবায়ন করে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করেন।সহ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমেদ বলেন, ‘এ ধরনের ঘটনা অবাক করার মতো। সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ কেউ নয়।’বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আ ব ম ফারুক, অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক নাজমা শাহিন প্রমুখ বক্তব্য দেন।সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন সেনাসদস্যদের সঙ্গে ছাত্রদের অপ্রীতিকর ঘটনা ঘটে। এর জের ধরে সেনাসদস্যরা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীকে নির্যাতন করেন। দেশের অন্য কয়েকটি ক্যাম্পাসেও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।