ক্যাম্পাসে আতঙ্ক ও অনিশ্চয়তা
>• তিন নেতাকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে
• আন্দোলনকারীদের চিহ্নিত করতে ফেসবুকে ছাত্রলীগ
• আবাসিক হল থেকে গ্রামের বাড়ি পর্যন্ত অনুসন্ধান চালানো হচ্ছে
• ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার দীর্ঘ সময় কাটিয়েছেন কেন্দ্রীয় গ্রন্থাগারে। মধুর ক্যানটিন ছেড়ে ছাত্রনেতাদের এ অবস্থান পরিবর্তন দৃশ্যত ইতিবাচক। তবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যুক্ত হওয়া শিক্ষার্থীরা বলছেন, তাঁদের আন্দোলনের শুরুটা ছিল গ্রন্থাগার থেকে। তাই ছাত্রলীগের এই নতুন তৎপরতায় তাঁরা উদ্বিগ্ন। শনাক্ত হলে শিক্ষাজীবন নিয়ে অনিশ্চয়তার কথাও বলেছেন একাধিক শিক্ষার্থী। আছে গ্রেপ্তার, মারধরের শিকার হওয়ার আতঙ্ক।
আর সোমবার কোটা সংস্কার আন্দোলনের তিন নেতাকে ক্যাম্পাস থেকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা তাঁদের আতঙ্ক-উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে গ্রন্থাগারে অবস্থানের পাশাপাশি আন্দোলনকারীদের চিহ্নিত করতে ফেসবুকে তাঁদের দেওয়া পুরোনো পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করছে ছাত্রলীগ। আন্দোলনকারী নেতা ও অংশগ্রহণকারীদের জামায়াত-শিবির উল্লেখ করে ফেসবুকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব কারণে আন্দোলনকারীদের অনেকে পুরোনো পোস্ট মুছে ফেলছেন। কেউ কেউ ফেসবুক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন। তাঁরা বলছেন, মামলা, ছাত্রলীগের তৎপরতা ও তাদের আসন্ন সম্মেলনকেন্দ্রিক রাজনীতি-সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রদের আবাসিক হল থেকে গ্রামের বাড়িতে পর্যন্ত অনুসন্ধান চালানো হচ্ছে। আন্দোলনকারীরা বলছেন, প্রতিটি হলে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষার্থীদের নামের তালিকা করা হচ্ছে।
গতকাল ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন নেতা-কর্মীদের নিয়ে দীর্ঘসময় সেখানে কাটিয়েছেন। আগের দিন আবিদ আল হাসান তাঁর ফেসবুকে লিখেছিলেন, এখন থেকে তাঁরা নিয়মিত গ্রন্থাগারে পড়াশোনা করবেন।
কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন গতকাল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ এখন খুবই থমথমে। শুধু নেতৃত্বে নয়, আন্দোলনে যাঁরা যুক্ত ছিলেন, সবাই আতঙ্কিত। তিনি দাবি করেন, আন্দোলনের নেতাদের দুর্বল করতে জামায়াতের সঙ্গে যুক্ত থাকাসহ নানা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে।
এদিকে আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রথম আলোকে বলেন, গত সোমবার তিনিসহ তিনজনকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যাওয়ার পর থেকেই বাসা থেকে বের হতেও ভয় পাচ্ছেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁকে অনুসরণ করছেন। তাঁকে শিবির আখ্যা দিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এমনকি কিছু গণমাধ্যমও এই প্রচারণার পক্ষে থেকে তাঁকে হয়রানি করছে বলে তিনি অভিযোগ করেন। প্রায় কেঁদে ফেলে রাশেদ বলেন, ‘ভাই, আমার বাবা রাজমিস্ত্রি। খুব কষ্ট করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে হয়েছে। চাকরিতে কোটা সংস্কারের দাবি তুলে এখন জীবন নিয়ে সংশয়ে আছি। আপনারা আমাদের খোঁজখবর রাইখেন।’
তবে আন্দোলনে যুক্ত আরও তিনজন ছাত্র প্রথম আলোকে বলেন, সুফিয়া কামাল হলের ঘটনার পর হলগুলোতে কোনো অশান্তি করছে না ছাত্রলীগ। আন্দোলনের পক্ষে ছাত্রলীগের একটা অংশের প্রচ্ছন্ন সমর্থন রয়েছে। তবে ছাত্রলীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে দলটির ভেতরেই পক্ষ-বিপক্ষ তৈরি হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের একটা অংশ সম্মেলন চায় না বলে ক্যাম্পাসে কথা রয়েছে। কোটা সংস্কার আন্দোলন-পরবর্তী ঘটনাপ্রবাহকে জটিল করে তারা নিজেদের পদে থাকার প্রয়োজনীয়তা তুলে ধরতে চাইছে বলেও শোনা যাচ্ছে।
এ ছাড়া এই আন্দোলন ছাত্রলীগের আসন্ন সম্মেলনকেও প্রভাবিত করছে। ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা প্রথম আলোকে বলেন, একটা পক্ষ অনেক আগে থেকেই সম্মেলন ঠেকাতে চাইছে। তাঁরা আন্দোলনে বাতাস দিয়েছে-এমন তথ্য ‘হাই কমান্ডের’ কানেও গেছে।
ভুল-বোঝাবুঝি?
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন তিন ছাত্রকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে বলেন, ওটা একটা ভুল-বোঝাবুঝি ছিল। আর চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে আনার অভিযোগও সঠিক নয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তিনজনকে যেভাবে চোখ বেঁধে তুলে নেওয়া হয়েছে, তা কতটা আইনসম্মত ও যুক্তিযুক্ত, জানতে চাইলে আবদুল বাতেন পাল্টা জানতে চান, ‘আপনাদের কাছে কোনো ফুটেজ আছে নাকি?’ তখন সাংবাদিকেরা বলেন, তাঁরা (আন্দোলনকারীরা) অভিযোগ করেছেন।
এরপর আবদুল বাতেন বলেন, ‘আন্দোলন নিয়ে আমাদের কোনো ধরনের অবস্থান নেই। আমরা ভিসির বাংলোতে যে আক্রমণ ও নাশকতা হয়েছে, সেটার তদন্ত করছি। সেই তদন্ত দল এখন পর্যন্ত যেসব প্রমাণাদি সংগ্রহ করেছে, তার মধ্যে অনেক ভিডিও ফুটেজ ও স্থির ছবি রয়েছে। বিশেষ করে এসব ভিডিও ফুটেজে যাঁদের চেহারা আছে, তাঁদের পুলিশ চেনে না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাঁরা হলে থাকেন, একসঙ্গে চলেন, তাঁদের দিয়ে শনাক্ত করানো গেলে পুলিশের জন্য কাজটা সহজ হয়। আর তাঁদের (আন্দোলনকারী নেতা) ক্ষেত্রে আমি দেখেছি তাঁরাও এটার সুষ্ঠু তদন্ত ও বিচার চান। সেই পরিপ্রেক্ষিতে আমরা ধারণা করেছিলাম তাঁরা যদি কাউকে আইডেনটিফাই করতে পারেন, তাহলে আমাদের তদন্ত গতিশীল হয়, আমরা এগোতে পারি। আসলে উদ্দেশ্য ছিল এই। এখানে হয়তো একটু ভুল-বোঝাবুঝি হয়েছে।’
তবে আন্দোলনের আহ্বায়কদের একজন প্রথম আলোকে বলেন, ছাত্রদের তো তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা প্রক্টরের মাধ্যমে ডাকতে পারতেন। ধরে বেঁধে নিয়ে গিয়ে এখন তাঁরা সুর পাল্টেছেন। এমনকি আন্দোলনকারী তিন নেতাকে ধরে নিয়ে যাওয়ার পর তাঁরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সঙ্গে আলোচনা করে নিরাপত্তাহীনতার বিষয়টি জানিয়েছেন। কিন্তু কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেয়নি।
কর্তৃপক্ষকে কিছুই জানায়নি ডিবি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রেপ্তার বা তদন্তে সহায়তার জন্য ধরে নেওয়ার ক্ষেত্রে কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানানোর একটা রীতি থাকলেও তিন শিক্ষার্থীর ক্ষেত্রে তা করা হয়নি বলে জানিয়েছেন একাধিক শিক্ষক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘ভিসি স্যারের বাড়িতে হামলার বিষয়টি ডিবি তদন্ত করছে-এটা আমরা জানি। তবে সুনির্দিষ্টভাবে তিনজন ছাত্রকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে কিছু জানাননি তাঁরা।’ তিনি আরও বলেন, উপাচার্যের বাসভবনে হামলার তদন্ত চলছে। যেহেতু তাঁদের ডাকে আন্দোলনের সময় এ হামলা হয়েছে, তাই আন্দোলনকারীদের এর দায়-দায়িত্ব নিতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় ভোগার বিষয়ে প্রক্টর বলেন, এ বিষয়ে যদি কেউ কর্তৃপক্ষের সাহায্য চায়, তবে অবশ্যই সেটি দেখা হবে।
‘আমার ছেলেটাকে দেখে রেখো’
আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খানের বাড়ি ঝিনাইদহের মুরারিদহ। গতকাল সেখানে গিয়েছিলেন ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক। ওই গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামজুড়ে রাশেদকে নিয়ে আলোচনা চলছে। কেউ বলছেন, হতদরিদ্র ঘরের মেধাবী সন্তান। পড়ালেখা করে কোটার কারণে চাকরি পাবেন না, এই আশঙ্কায় আন্দোলনে গিয়েছেন। আবার কেউ বলছেন, ছেলেটার জীবনের শেষ কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে।
রাশেদের বাবা নির্মাণ শ্রমিক নবাই বিশ্বাস। তাঁর তিন সন্তানের মধ্যে একমাত্র রাশেদই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন। নবাই বিশ্বাস বলেন, পুলিশ তাঁকে খবর দিয়ে থানায় নিয়ে গিয়েছিল। ছেলের বিষয়ে কিছু কথা জানার পর ছেড়ে দেয়। কিন্তু ঢাকায় ছেলেকে আটকের কথা শুনে আবার তাঁকে আটকে দেয়। পরে অবশ্য ছেড়ে দিয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন তিনি। সবচেয়ে চিন্তিত ছেলেকে নিয়ে। ছেলেকে পড়াতে গিয়ে ১৬ শতক জমির ওপর আধা পাকা বাড়িটিও ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিতে হয়েছে।
রাশেদের মা সালেহা বেগম বলেন, ‘আমার ছেলেটারে তোমরা দেখে রেখো। আমার ছেলে কিন্তু তার একার জন্য না, দেশের সব ছেলের জন্য আন্দোলনে গিয়েছে। অনেক কষ্ট করে আমরা ছেলেকে পড়াচ্ছি, ওর নিয়ে আমাদের অনেক আশা। ওর যেন কিছু না হয়।’ কথা বলতে বলতেই চোখের কোনায় পানি জমে এই মায়ের।