ক্যাম্পাসে আনন্দের ফল্গুধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করছেন দুই অতিথি l প্রথম আলো
মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করছেন দুই অতিথি l প্রথম আলো

কেউ কেউ দল বেঁধে সেলফি তোলায় ব্যস্ত। কেউ কেউ আলিঙ্গন করে শুভেচ্ছা বিনিময় করছেন। দীর্ঘদিন পর সহপাঠীদের পেয়ে আনন্দে আত্মহারা অনেকে।

গতকাল শুক্রবার মির্জাপুরের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের মাঠের খণ্ডচিত্র এটি। প্রতিষ্ঠানটির প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল এই মাঠ।

গতকাল বেলা ১১টায় কলেজের মাঠে জাতীয় সংগীত শেষে বেলুন উড়িয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম এম জলিল ও বর্তমান অধ্যক্ষ মো. আবদুল হালিম।

অধ্যক্ষ মো. আবদুল হালিম মাইকে ঘোষণা দিয়ে সবাইকে মঞ্চের সামনে ডাকলে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। উদ্বোধনের পর বেলা সোয়া ১১টায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কুমুদিনী কল্যাণ সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি কুমুদিনী চত্বরের সব সড়ক ও হাসপাতাল সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান মাঠে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত হয় স্মৃতিচারণা। এতে আবদুল হালিম, এম এ জলিল, প্রথম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা ইয়াসমিন, নবম ব্যাচের শিক্ষার্থী সিফাত ও তাপসী এবং ১৪তম ব্যাচের শিক্ষার্থী আফসানা কবীর বক্তৃতা করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে মেডিকেল কলেজের শিক্ষার্থী, ভারতেশ্বরী হোমস, নার্সিং স্কুল ও কলেজের শিক্ষার্থীরা নাচ ও গান পরিবেশন করেন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানটির দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, ‘দীর্ঘদিন পর বন্ধু ও শিক্ষার্থীদের সাথে দেখা করতে পেরে আমি উল্লসিত, অনেক বেশি খুশি।’

কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি বলেন, ‘দানবীর রণদাপ্রসাদ সাহা নেই। কিন্তু তিনি যেখানেই রয়েছেন, সেখান থেকে নিশ্চয়ই দেখছেন তাঁর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এ নিয়ে আমরা সবাই আনন্দিত।’

পরিচালক শ্রীমতি সাহা বলেন, ‘হাঁটি হাঁটি পা পা করে আমাদের এই মেডিকেল কলেজ এগিয়ে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীরা বেরিয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করছেন। এর চেয়ে আনন্দের কথা আর কী হতে পারে!’

ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা বলেন, শিক্ষার্থীরা সুন্দরভাবে অনুষ্ঠান উপভোগ করেছেন। ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত থাকবে।