ক্যাম্পাসে খাবারের দাম বেশি, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্ধারণ করা খাবারের মূল্য তালিকা মানছেন না ক্যাম্পাসের দোকানদারেরা। তাঁরা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে খাবার বিক্রি করছেন। এতে ভোগান্তির শিকার হতে হচ্ছে শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসে খাবারের সবচেয়ে পরিচিত জায়গা বটতলা। বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামালউদ্দিন হলের সামনে থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল পর্যন্ত জায়গাটি বটতলা নামে পরিচিত। এখানে অর্ধশতাধিক খাবারের দোকান রয়েছে। এসব দোকানের প্রধান ক্রেতা বিভিন্ন হলের আবাসিক শিক্ষার্থীরা। কামালউদ্দিন, বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানী হল প্রশাসনের নিয়ন্ত্রণে এসব দোকান পরিচালিত হয়। কয়েক মাস আগে বাজারমূল্যের সঙ্গে সংগতি রেখে খাবারের মূল্য নির্ধারণ করে দেয় হল প্রশাসন। মূল্য নির্ধারণের পর দু-এক দিনের বেশি কোনো দোকানদার এটা মানেননি।
শিক্ষার্থী সূত্র জানায়, প্রশাসন গরুর মাংসের প্রতি পার্সেলের মূল্য ৫০ টাকা নির্ধারণ করলেও নেওয়া হচ্ছে ৭০-৮০ টাকা। হাঁস ও মুরগির মাংসের পার্সেলের মূল্য ৫০ টাকা হলেও তা শিক্ষার্থীদের কাছে বিক্রি করা ৮০-৯০ টাকায়। ৩০ টাকা নির্ধারিত হলেও রুই মাছের দাম রাখা হয় ৪০ টাকা। বিরিয়ানি বা তেহারির দাম ৫০ টাকা করা হলেও তা বিক্রি করা হয় ৭০-৮০ টাকায়। ৫০ টাকার ইলিশ মাছ শিক্ষার্থীদের কাছে ৮০ টাকায় বিক্রি করা হয়। এ ছাড়া ডিমভাজা ১২ টাকার জায়গায় রাখা হয় ১৫ টাকা। ভাজি-ভর্তা ৫ টাকার পরিবর্তে কেউ কেউ রাখেন ১০ টাকা।
নির্ধারিত মূল্য না মানার বিষয়ে একাধিক দোকানদারের সঙ্গে কথা বললে মূল্য কার্যকর হয়নি বা অন্যরা মানে না ইত্যাদি কারণ উল্লেখ করেন তাঁরা। দোকানদার মো. সাবের মিয়া বলেন, ‘আমি তো মানতাম। কিন্তু এখন অন্যরা যে দামে বিক্রি করে, আমিও সেই দাম রাখি।’ দোকানদার আবদুল কাদের বলেন, ‘মূল্য নির্ধারণ হইছে। কিন্তু সেটা তো কার্যকর হয় নাই।’
জানতে চাইলে বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষক মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, ‘মূল্য নির্ধারণের কিছুদিন পরই তা অকার্যকর হয়ে পড়ে, এটা আমরা জানি। কিছুদিনের মধ্যে এটা নিয়ে আমরা আবার কাজ শুরু করব।’ কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ এইচ এম সা’দাৎ একই ধরনের কথা বলেন।
ভাসানী হলের প্রাধ্যক্ষ নাজমুল হাসান তালুকদার বলেন, ‘এ বিষয়ে আমি অবগত আছি। খুব দ্রুত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত মূল্য কার্যকরের ব্যবস্থা নেব আমরা।’