পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাসে ছিনতাইকারী ও বখাটেপনার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল শনিবার কলেজের প্রধান ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিক্ষার্থীরা একত্র হয়ে প্রথমে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। এরপর মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকের সামনে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে অবস্থান নেন। মিছিল থেকে ছিনতাই ও বখাটেপনা প্রতিরোধের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মিছিলকারীরা দাবি আদায়ের লক্ষ্যে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা অবরোধ চলার পর দুপুরে কলেজ প্রশাসন ও পুলিশ এসে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কলেজের অধিকাংশ শিক্ষার্থী কলেজ হোস্টেল ও আশাপাশের বিভিন্ন মেসে থেকে ক্লাস করেন। দীর্ঘদিন ধরেই দিনের বিভিন্ন সময় ও সন্ধ্যার পর তাঁরা ঘর থেকে বের হলেই ছিনতাইকারীদের কবলে পড়ছেন। সুযোগ পেলেই এসব ছিনতাইকারী শিক্ষার্থীদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র কেড়ে নিচ্ছে।
সম্প্রতি কলেজের কামাল উদ্দিন ছাত্রাবাসের আহাম্মেদ, আরিফ ও সাব্বির নামের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে তাঁদের
মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলেন, সন্ধ্যা হলেই ক্যাম্পাসের আশপাশে নেশাখোরদের আড্ডা বসে। তাদের প্রতিরোধ করতে গেলেই হামলার শিকার হতে হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার বিষয়টি কলেজ প্রশাসনকে জানানো হয়েছে। কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। অবিলম্বে ক্যম্পাসে নেশা, ছিনতাই ও বখাটেপনা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী হানিফুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ চাইলে এখন থেকে ক্যাম্পাসে টহল বাড়ানো হবে। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
কলেজের অধ্যক্ষ নাইদ মোহাম্মদ শামসুল হুদা বলেন, এ ঘটনায় স্টাফ কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।