আন্দোলনকারীদের বাধার মুখে ক্যাম্পাসে ঢুকতে পারেননি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। তিনি গতকাল শুক্রবার স্ত্রীকে নিয়ে ক্যাম্পাসে ঢুকতে গেলে আন্দোলনকারীদের বাধা পেয়ে বিশ্ববিদ্যালয়ের ফটক থেকেই ফিরে যান।এর আগে বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের টেলিফোন, বিদ্যুৎ ও পানির সংযোগ বন্ধ করে দেন। তালা ঝুলিয়ে দেন বাসার প্রধান ফটকে। বেলা ১১টা পর্যন্ত উপাচার্যের ছেলে ও কর্মচারীরা বাসায় অবরুদ্ধ হয়ে পড়েন। পরে বিদ্যুৎ ও পানির সংযোগ দেওয়া হয়। টেলিফোন সংযোগ এখনো বিচ্ছিন্ন। এদিকে গতকাল ছুটির দিনেও ক্যাম্পাসে অবস্থান ধর্মঘট পালন করেন ঐক্য পরিষদের নেতা-কর্মীরা।এক শিক্ষার্থীর ফলাফল পরিবর্তনের অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। সেই থেকে উপাচার্য ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্যের আসার খবরে গতকাল সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। বেলা ১১টা ১০ মিনিটে নিজেই গাড়ি চালিয়ে ফটকের সামনে আসেন উপাচার্য। তিনি ভেতরে ঢুকতে চাইলে আন্দোলনকারীরা ফটক বন্ধ করে দেন এবং উপাচার্যবিরোধী স্লোগান দিতে থাকেন। উপাচার্য কয়েক দফা ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় উপাচার্যের স্ত্রী ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করলে আন্দোলনকারীরা তাঁকেও বাধা দেন। প্রায় আধা ঘণ্টা ফটকের সামনে সস্ত্রীক দাঁড়িয়ে থাকেন উপাচার্য। এরপর রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতা এসে মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় এক নেতার পক্ষ থেকে উপাচার্যকে ফিরে যাওয়ার অনুরোধ জানান। বেলা ১১টা ৪৫ মিনিটে উপাচার্য ফিরে যান।