ক্যাম্পাসে ঢুকতে পারেনি ছাত্রদল ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকতে দেয়নি পুলিশ। অন্য দিকে শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল করার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল মঙ্গলবার দুটি ছাত্রসংগঠনই পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করে। গত সোমবার মধুর ক্যানটিনে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় ছাত্রদলের অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হন। ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে দায়ের করা ছাত্রদলের মামলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। ওই হামলার প্রতিবাদে গতকাল বেলা ১১টার দিকে শাহবাগ থেকে মিছিল বের করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ তিন দফা দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে ওই বিক্ষোভ মিছিল বের করা হয়। শাহবাগ থানার সামনে পুলিশ মিছিলটি থামিয়ে দিলে তাঁরা পাবলিক লাইব্রেরির সামনে সমাবেশে করেন। এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম প্রথম আলোকে জানান, পরিচয়পত্র নিয়ে তাঁদের ক্যাম্পাসে যেতে বলা হয়েছিল। ছাত্রদলের কেউ পরিচয়পত্র দেখাননি, ক্যাম্পাসেও প্রবেশ করতে চাননি। শাহবাগেই তাঁরা সমাবেশ করেছেন। সমাবেশে ছাত্রদলের নেতা বজলুল করিম, আনিসুর রহমান, মাহিদুল ইসলাম, আবদুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা সন্ধ্যায় প্রথম আলোকে জানান, ছাত্রলীগের হামলার প্রতিবাদে দেশের প্রতিটি জেলা শহরেও বিক্ষোভ করে ছাত্রদল। এদিকে ক্যাম্পাস অস্থিতিশীল করার প্রতিবাদে গতকাল দুপুর ১২টায় মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাস ঘুরে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান, মাহফুজুল হায়দার চৌধুরী, সোহেল রানা, আশরাফুর রহমান, নাসিম আল মোমিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা শেখ সোহেল রানা ও সাজ্জাদ সাকিব।