ক্যাম্পাসে থানা স্থাপনের পরিকল্পনা বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিহার থানা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের দলীয় টেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ক্যাম্পাসে থানা স্থানান্তর পরিকল্পনার বিরোধিতা করে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্র ইউনিয়নের সভাপতি আয়াতুল্লাহ খোমেনি বলেন, ক্যাম্পাসে যদি থানা স্থাপন করা হয় তাহলে সকাল-বিকাল এখানে আসামি ধরে আনা হবে, সরকারি দলের গডফাদারদের আনাগোনা বাড়বে। ক্যাম্পাসে থানা স্থাপন করে কোনোভাবেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। তা ছাড়া শুধু পুলিশ নয়, সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয়ের জমি দেওয়াটা স্বায়ত্তশাসিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের আদর্শের পরিপন্থী।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারুক ইমন, বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি প্রদীপ মার্ডি, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সোহরাব হোসেন প্রমুখ।
এর আগে একই দাবিতে গত বুধবার উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষক সমিতির নেতারা। সমিতির সভাপতি আনন্দ কুমার সাহা বলেন, ‘আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ে থানা স্থানান্তর না করার অনুরোধ জানিয়েছিলাম। প্রশাসন থানা স্থানান্তরের পরিকল্পনা থেকে সরে দাঁড়াবে বলে তিনি আমাদের আশ্বস্ত করেছেন।’
উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘এ বিষয়ে সিন্ডিকেটেই সিদ্ধান্ত হবে। এখন এ বিষয়ে আলোচনা চলছে।’