যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি প্রধান ফটকগুলোতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ কাজলা, বিনোদপুর, স্টেশন বাজার গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সেখানে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে তল্লাশি করার পর ঢুকতে দিচ্ছেন। এ ছাড়া রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহনেও তল্লাশি চালানো হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ঈদের ছুটির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দিয়ে রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। দেশের সাম্প্রতিক পরিস্থিতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
নগরের মতিহার থানার ওসি হুমায়ুন কবির বলেন, রাজশাহী নগরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই তল্লাশি কার্যক্রম চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, ‘সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন আমাদের কাছে সাহায্য চেয়েছে। তাই আমরা তাদের সাহায্য করছি।’