ক্যাম্পাসে নিরাপত্তার দাবি না মানলে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের (শজিমেক) ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দফা দাবি জানানো হয়েছে। এসব দাবি জানিয়ে ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দাবি মানা না হলে ২৯ জানুয়ারি থেকে তাঁরা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন। বগুড়া বাইপাস সড়কের ছিলিমপুর এলাকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল অবস্থিত। এখানে কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক ও শিক্ষার্থীরা থাকেন। চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে একটি পুলিশ ফাঁড়ি আছে। কিন্তু ওই ফাঁড়ির পুলিশ সদস্যদের ক্যাম্পাসের ভেতর দায়িত্ব পালন করতে দেখা যায় না। এতে এখানে চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। গত বছর ক্যাম্পাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র খুন হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ডিসেম্বর মাসে অন্তত চারটি চুরি ও ছিনতাইয়ের ঘটনার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল মঙ্গলবার এসব অপতৎপরতা বন্ধসহ আট দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসক পরিষদের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা অন্য দাবিগুলো হচ্ছে—ক্যাম্পাসের ভেতর ২৪ ঘণ্টা পুলিশি প্রহরার ব্যবস্থা, হাসপাতালে অবস্থিত পুলিশ ফাঁড়ির সদস্যদের শুধু ক্যাম্পাসে দায়িত্ব দেওয়া, মহিলা হোস্টেল ও ডরমেটরি ভবনের সামনে একাধিক সার্চলাইটের ব্যবস্থা, এসব ভবনের পেছনে কাঁটাতারের বেড়া দেওয়া, হাসপাতাল প্রাঙ্গণে অবস্থিত অস্থায়ী গ্যারেজ এবং গ্যারেজকেন্দ্রিক দালালদের আস্তানা তুলে দেওয়া ও হাসপাতালের অভ্যন্তরে দালালদের প্রবেশ বন্ধ করা। বগুড়ার সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। এখানে পুলিশের টহল বাড়ানোর জন্যও বলা হয়েছে।